কক্সবাজারে যত্রতত্র পার্কিং, দুর্ভোগে পর্যটক ও স্থানীয়রা
পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক আসা শুরু হয়েছে। বিশেষ করে সপ্তাহের সরকারি ছুটির দুটিন মানে দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজার পর্যটক আগমন আশাতীত। কিন্তু এই নগরীতে যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণহীন পার্কিং বর্তমানে বড় এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটন স্পট ও গুরুত্বপূর্ণ সড়কে বাস দাঁড়িয়ে থাকায় একদিকে তৈরি হচ্ছে যানজট, অন্যদিকে ব্যাহত হচ্ছে পর্যটকদের স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ।
সরেজমিন দেখা গেছে, শহরের হোটেল-মোটেল জোন, বাস টার্মিনাল এলাকা, কলাতলী সড়ক এবং কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান এলাকায় যত্রতত্র পার্ক করা হচ্ছে বাস। অতিরিক্ত কাউন্টার হওয়াতে বাস থামিয়ে যাত্রী উঠানামা করায় আরো বেশি ভোগান্তি। অনেক স্থান যেন রীতিমতো মিনি বাস টার্মিনাল। এতে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে পর্যটন এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।
যদিও শহরের শৈবাল মাঠকে নির্ধারিত বাস পার্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে একটি অসাধু চক্র নিজস্ব স্বার্থে বিভিন্ন স্থানে গড়ে তুলেছে অবৈধ পার্কিং বাণিজ্য। হোটেল ও কটেজ জোনেও চুক্তিভিত্তিক পার্কিংয়ের নামে আদায় করা হচ্ছে চাঁদা।
অভিযোগ উঠেছে, শহরের বিভিন্ন স্থানে বাস পার্কিং এবং চাঁদাবাজির। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বাস রাখার ব্যবস্থা করছেন এবং এর বিনিময়ে নিচ্ছেন চাঁদা। অনেকে আবার গাড়ি ধোয়া, চালক ও হেলপারদের গোসল এবং শৌচাগার ব্যবহারের নামেও অর্থ আদায় করছেন।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক দম্পতি হাসান-রুবি জানান, ঘুরতে এসে ভালো লাগছে। তবে বিদ্যমান যানজটসহ নানা সমস্যা গুলোতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা বলেন, শৈবাল মাঠ নির্ধারিত পার্কিং এলাকা হলেও শহরের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে বাস রাখা হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে।
পর্যটকরা বলেন, সমুদ্রপাড়ে ঝাউবাগানের মতো স্থানে বাস পার্কিং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি পর্যটকদের আনন্দময় ভ্রমণ বাধাগ্রস্ত হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, পর্যটন এলাকার সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষা আমাদের দায়িত্ব। এখানে যানজট ও অবৈধ পার্কিং করা হলে কঠোর হস্তে দমন করা হবে।
কক্সবাজারের ট্রাফিক সূত্র মতে, শৈবাল মাঠই একমাত্র অনুমোদিত পার্কিং এলাকা। শহরে বাস ঢুকতে হলে অনলাইন আবেদন করে আসতে হয়। সবকিছু শৃঙ্খল পরিবেশে চলছে। নিয়মের বাইরে গেলে ব্যবস্থা।