পবায় কর ফাঁকি রোধ ও শক্তিশালী তামাক নীতি চুড়ান্ত করার দাবিতে মানববন্ধন
রাজশাহীর পবায় কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক নীতি চুড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) পবা উপজেলার ইউসেপ স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তামাক নিয়ন্ত্রণে কার্যকর ও সুনির্দিষ্ট করনীতি প্রণয়ণ এবং কর বৃদ্ধিতে কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করা জরুরী বলে মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান। বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশকে তামাকমুক্ত করা দরকার। কোম্পানিগুলোর হস্তক্ষেপের পাশাপাশি রাজস্ব মিথ, সামাজিক কর্মকান্ডসহ বিভিন্ন মিথ্যা প্রচারণার ফলে তামাকজাত দ্রব্যের উপর কার্যকরভাবে কর বৃদ্ধি হচ্ছে না। ফলে ভোক্তাদের কাছে তামাকজাত দ্রব্য প্রতিনিয়ত আরো সস্তা হচ্ছে তথা জনস্বাস্থ্য হুমকিতে পড়ছে।
সরকার তামাক নিয়ন্ত্রণে যথেষ্ট আন্তরিক হওয়া সত্তেও কোম্পানিগুলোর হস্তক্ষেপের ফলেই তামাক নিয়ন্ত্রনে আশানুরূপ পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। এমনকি সরকারের নীতিনির্ধারনী পর্যায়ে তামাকজাত দ্রব্যের উপর কার্যকরভাবে কর বৃদ্ধির প্রয়োজনীয়তার তথ্যগুলো পৌঁছানো অনেকক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। বহুজাতিক তামাক কোম্পানিতে সরকারের মাত্র ০.৬৪% শেয়ার এবং বিএটি’র পরিচালনা পর্ষদে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের অবস্থান তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হিসাবে চিহ্নিত হয়েছে।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, ইউসেপ বাংলাদেশ, বস্তি উন্নয়ন ও কর্মসংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের লীড টেইনার মো. আব্দুল হান্নান, ইউসেপের আইসিটি টেইনার মারুফ হোসেন ও মনিরুজ্জামান সোহেল, বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, দারিদ্র ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি নিপা খাতুন ও বাংলাদেশ আদিবাসী সমিতির পবা শাখার প্রতিনিধি বৃষ্টি মরমু। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার যুব সমাজের প্রতিনিধিবৃন্দ।