মালবাহী ট্রেন সার্ভিস কমে যাওয়ায় রেলের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে
কিন্তু ইঞ্জিন সংকটের কারণে ও যাত্রীবাহী সার্ভিসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কয়েক বছর ধরে চাহিদা অনুযায়ী সেবা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। অন্যদিকে যাত্রীবাহী ট্রেনকে প্রাধন্য দিতে গিয়ে পন্যবাহী ট্রেনের তলানিতে চলেগেছে বিষয়টি বেমালুম ভুলে গেছে রেলওয়ে।সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ট্রেনে পণ্য পরিবহনে আগ্রহ দেখালেও এখন তারা বিকল্প পথ খুঁজে নিচ্ছে। এছাড়া চাহিদা থাকলেও সার্ভিস দিতে না পারায় গ্রাহকরা রেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে রেলের রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি লাভজনক ট্রেন সার্ভিস কমে যাওয়ায় রেলের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে।
রেলপথে দেশব্যাপী পণ্য পরিবহন ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য সাশ্রয়ী ও নিরাপদ। এ কারণে বড় আকারের আমদানি-রফতানিমুখী পণ্য, জ্বালানি, অবকাঠামো নির্মাণের কাঁচামাল ও খাদ্যশস্য পরিবহনে রেলওয়ে অন্যতম প্রধান মাধ্যম মনে করলেও এখন তা মনে কোরছেনা ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো।
রেলের বাণিজ্যিক বিভাগ বলছে, রেলপথে পণ্যবাহী ট্রেন সার্ভিস রেলের জন্য লাভজনক। রেলওয়ের ৯০ শতাংশ যাত্রীবাহী ট্রেন লোকসানে চলাচল করে। একমাত্র পণ্যবাহী ট্রেনই লাভ করে সার্ভিস প্রদান করছে। এখন পণ্য পরিবহন খাত থেকে আয় কমে যাওয়ায় রেলের লোকসানের পাল্লা আরো ভারী হচ্ছে। প্রতিনিয়ত প্রকৌশল বিভাগ ও রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইঞ্জিন সরবরাহ বাড়ানোর জন্য আবেদন করা হলেও সুফল মিলছে না। বিপুল চাহিদার পরও সার্ভিস দিতে না পারায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে সরে যাচ্ছে বলে জানিয়েছেন তারা।
রেলপথে সবচেয়ে বেশি পরিবহন হয় জ্বালানি ও আমদানি-রফতানির কনটেইনার। মূলত বিশ্ববাজারের সঙ্গে দেশের আমদানি-রফতানির ৯০ শতাংশের বেশি হয় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে। এ কারণে পূর্বাঞ্চল রেলের মিটার গেজ রেললাইনে সবচেয়ে বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে।
ট্রেনে করে নিরাপদ ও সাশ্রয়ী খরচে পরিবহন হওয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ মাধ্যমে পণ্য নিতে মুখিয়ে থাকে। কিন্তু দিনের পর দিন ইঞ্জিনস্বল্পতার কথা বলে রেলওয়ে সার্ভিস পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। এতে বন্দর এলাকায় পণ্য আটকে থেকে প্রতিষ্ঠানগুলোর লাভের পরিবর্তে লোকসান হওয়ারও ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে রেলের পণ্যবাহী ট্রেন সার্ভিসের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প নিয়ে ভাবছে।
রেলের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও সিলেটের শাহজালাল সার কারখানা থেকে উত্তরবঙ্গের জন্য ২০ হাজার টন সার পরিবহনের প্রস্তাব ছিল রেলের কাছে। দীর্ঘদিন ধরে রেলের পরিবহন দপ্তরে বাংলাদেশ কেমিক্যাল করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দেনদরবার করেও রেলে করে সার পাঠাতে পারেননি। বাধ্য হয়ে এসব সার সড়কপথে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে হয়েছে। সড়কপথে পরিবহনে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হওয়ায় সরবরাহ করা সারের মূল্য বেশি পড়েছে।
একইভাবে রেলপথে দেশের উত্তরবঙ্গে জ্বালানি তেলসহ বিভিন্ন খাদ্যশস্য পরিবহনের একাধিক বড় প্রস্তাব এলেও রেলওয়ে কোনোভাবেই ট্রেন সার্ভিস দিতে পারছে না প্রতিষ্ঠানগুলোকে। এতে রেলের রাজস্ব ব্যয় কমে যাওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বল্পমূল্যে পণ্য পরিবহনের সুযোগবঞ্চিত হচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন ও পরিবহন) ড. এ কে এম আজাদুর রহমান "বিজয়বাংলাকে" বলেন, ‘জ্বালানি পণ্য রেলপথে পরিবহন সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী। রেলপথে একটি ওয়াগনে সর্বাধিক পরিমাণ জ্বালানি পরিবহনের কারণে পরিবহনজনিত অপচয়ও কম হয়। এজন্য রেলের প্রতি আমাদের আগ্রহ থাকলেও রেলওয়ে কাঙ্ক্ষিত মাত্রায় সার্ভিস দিতে পারে না। এজন্য আমরা বিভিন্ন সময়ে রেলওয়েকে চিঠি পর্যন্ত দিয়ে থাকি। যদিও এখন নৌপথের পাশাপাশি সড়কপথে ট্যাংকারে করে জ্বালানি পরিবহন বেড়েছে। এতে পরিবহন ব্যয় বাড়লেও আমাদের কিছুই করার নেই।’
রেলওয়ে-সংশ্লিষ্টরা বলছেন, একসময় রেলপথে পাথর, সার, খাদ্যশস্য পরিবহন ছিল নিয়মিত ঘটনা। সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলো অবকাঠামো নির্মাণের কাঁচামাল, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে রেলপথকেই প্রাধাণ্য দিত। এখন দিনের পর দিন রেলের ইঞ্জিনস্বল্পতায় বাধ্য হয়ে প্রতিষ্ঠানগুলো বিকল্প পথ বেছে নিচ্ছে। সড়কপথে পরিবহন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনের সময় পথিমধ্যে চুরি-ডাকাতির ঝুঁকি রয়েছে। এ কারণে সাশ্রয়ী মূল্যে রেলপথেই নিরাপদে পণ্য পরিবহন করতে চান ব্যবসায়ীরা। কিন্তু চাহিদা থাকলেও সার্ভিস দিতে না পারায় গ্রাহকরা রেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে রেলের রাজস্ব আয় কমে যাওয়ার পাশাপাশি লাভজনক ট্রেন সার্ভিস কমে যাওয়ায় রেলের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে।
রেলের নথিপত্র অনুযায়ী,পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে পণ্যবাহী ট্রেন সার্ভিস আশঙ্কাজনক হারে কমছে। ২০২১-২২ অর্থবছরে রেলওয়ে ৪ হাজার ২৭৩টি পণ্যবাহী ট্রেন পরিচালনা করেছে। ২০২২-২৩ অর্থবছরে সার্ভিসের সংখ্যা ৮৮৬টি কমে নেমে এসেছে ৩ হাজার ৩৮৭টিতে। সর্বশেষ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ১১ মাসে পণ্যবাহী ট্রেন সার্ভিস চালানো হয়েছে মাত্র ২ হাজার ৮৫টি। অর্থাৎ এ বছর সার্ভিসের সংখ্যা আরো কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে রেলের পণ্যবাহী ট্রেন সার্ভিস কয়েক বছরের মধ্যে অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছেন পরিবহন বিভাগের কর্মকর্তারা।
নথিপত্র বলছে, সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত রেলওয়ে খাদ্য ও আনুষঙ্গিক খাতে কোনো ট্রেন পরিচালনা করতে পারেনি। একসময় ১৫০-২০০ কনটেইনার ট্রেন সার্ভিস পরিচালনা করলেও বর্তমানে সেটি নেমে এসেছে ৮০-৮৫টির মধ্যে। আগে প্রতি মাসে শতাধিক জ্বালানিবাহী ট্রেন সার্ভিস পরিচালনা করলেও এখন সেটি নেমে এসেছে অর্ধেকে। এর মধ্যে নভেম্বরে (২৮ তারিখ পর্যন্ত) জ্বালানিবাহী ট্রেন চলাচল করেছে মাত্র ২২টি। যদিও চলতি বছরের মার্চে ১১৫টি ও জুলাইয়ে ১০৯টি জ্বালানিবাহী ট্রেন পরিচালনা করেছিল রেলওয়ে। কয়েক বছর আগেও প্রতি মাসে ২০-২৫টি খাদ্য, সার, পাথরসহ বিভিন্ন পণ্যের ট্রেন পরিচালনা করত রেলওয়ে। বর্তমানে নিয়মিত এ খাতের ট্রেন চলছে পাঁচ-সাতটি। যদিও সর্বশেষ কয়েক মাস এ ধরনের কোনো ট্রেন চালাতে পারেনি রেলওয়ে।
প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন পণ্যবাহী ট্রেন খাতে ১৯টি ইঞ্জিনের চাহিদা রয়েছে। ধারাবাহিকভাবে ইঞ্জিনের সরবরাহ কমাতে কমাতে চার-পাঁচটিতে নেমে এসেছে। রেলওয়ে পূর্বাঞ্চলে তীব্র ইঞ্জিন সংকটের কারণে পণ্য খাতে ইঞ্জিনের সরবরাহ কমিয়েছে রেলওয়ে প্রশাসন। আবার নতুন নতুন ট্রেন সার্ভিস চালু করা, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হলে পণ্যবাহী ট্রেনের জন্য বরাদ্দ ইঞ্জিন সরিয়ে নেয়ার কারণে পণ্য খাতে রেলের সার্ভিস স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের উদ্যোক্তারা বিভিন্ন সময়ে পণ্য খাতে ইঞ্জিন সরবরাহ বাড়িয়ে ট্রেন সার্ভিস চালু করতে রেলের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করলেও এর সুফল মিলছে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে রেলওয়েকে কনটেইনার সার্ভিস বৃদ্ধি করতে তাগাদা দিলেও রেলওয়ে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এতে কমলাপুর আইসিডিমুখী কনটেইনার সার্ভিস কমে যাওয়ায় বড় ধরনের নাজুক পরিস্থিতি পার করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন "বিজয়বাংলাকে"বলেন, ‘রেলওয়ে সবসময় চায় যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন সার্ভিস চালু রাখতে। তবে দীর্ঘদিন ইঞ্জিন আমদানি না হওয়ায় সংকট বেড়েছে। যাত্রীবাহী ট্রেনের টিকিট ১১ দিন আগে বিক্রির কারণে এসব ট্রেনের যাত্রা বাতিল করা কঠিন। এ সার্ভিস নিয়মিত রাখতে পণ্যবাহী ট্রেনের সার্ভিস পিছিয়ে দেয়া হয়। তবে রেলওয়ে বেশকিছু ইঞ্জিন মেরামত করার পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে বেশকিছু ইঞ্জিন আমদানির উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অচিরেই যাত্রীবাহী ট্রেনের মতো পণ্যবাহী ট্রেন সার্ভিসও স্বাভাবিক হয়ে যাবে।
অন্যদিকে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ একই সুরে "বিজয়বাংলাকে"বলেন,যে হেতু যাত্রীসেবা মূলক প্রতিষ্ঠান।যাত্রী পরিবহনে আরামদায়ক ও উচ্চগতী সম্পন্ন ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনের মান ও ট্রেন বাড়ানোর বিষয়টি ভাবছেন কতৃপক্ষ।তিনি আরো বলেন,রেলের আয়ের প্রধান উৎস হচ্ছে মালবাহী ট্রেন।যাত্রীবাহী ট্রেনের পাশপাশি মালবাহী ট্রেনের দিকেও নজর রাখা প্রয়োজন বলে মনে করেন তিনি।