বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা সহ সমগ্র দেশের সার্বিক শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী, রাজশাহী এলজিইডির প্রকৌশলী মো. রোমেল হায়দার, সেরিকালচারের প্রকৌশলী লুৎফর রহমান সহ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে দোয়া পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের চীফ পেশ ইমাম মো. নাজমুল আলম।
প্রসঙ্গত, কিডনি জটিলতা ও ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারগ্রীন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। রুয়েটের প্রাক্তন শিক্ষার্থীগণও এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে বেগম জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানান। একই সাথে দেশের সর্বস্তরের মানুষকে নিজ-নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাশনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে।