রকমারি রঙিন শীত বস্ত্রে সেজেছে রাজশাহীর ফুটপাত
আস্তে আস্তে জেঁকে বসছে শীত, রঙিন বস্ত্রে সেজেছে রাজশাহী মহানগরীর ফুটপাত গুলো। পৌষ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। দেশের উত্তরাঞ্চলসহ রাজশাহীতে মাঝারী শীত অনুভূতি হচ্ছে।তবে গত দুই সপ্তাহ ধরে হালকা কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার অনেকটা ছোঁয়া অনুভূত হচ্ছে রাজশাহীতে।
শীতের আগমনী বার্তায় রাজশাহী নগরীর দোকান গুলো সেজেছে বিভিন্ন কোয়ালিটির গরম কাপড়ে। ফুটপাতের দোকান গুলোতে যেমন পশরা সাজিয়ে বসেছে শীতের পোশাক বিক্রেতারা,তেমনি অভিজাত শপিং মলগুলোর সেজেছে নানা ব্রান্ডের রকমারি পোশাকে।
কুমারপাড়া থেকে সোনাদিঘীর মোড়,জিরোপয়েন্ট থেকে রেলগেট পর্যন্ত সব এলাকার ফুটপাত জুড়ে সাজানো আছে জ্যাকেট, হুডি, সোয়েটার, কম্বল আর উলের টুপিসহ নানা রঙিন শীতবস্ত্রে।তবে ফুট গুলোতে নিম্ন আয়ের ও মধ্যবর্তী আয়ের ক্রেতা বেশি।কমদামে ভালো শীতের পোশাক কেনায় ভীড় তাদের।
ব্যবসায়ীরা জানান, ক্রেতা বাড়ছে,বেচাবিক্রি ভালো হলেও এখনো শীতের কেনার আসল ভিড় শুরু হয়নি। পুরোপুরি শীত পড়লে কয়েকদিনের মধ্যে বাজার জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের।
রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাত গুলোতে সাজানো আছে জ্যাকেট, হুডি, কম্বল, উলের গ্লাভস, স্কার্ফ, সোয়েটার আর কৃত্রিম ফারের টুপি থেকে শুরু করে নানা পোশাক। দোকানিরা কেউ পণ্য ধরে দেখাচ্ছেন, কেউ দাম বলছেন, আবার কেউ ব্যস্ত দরদাম সামলাতে।
ফুটপাতের বাজার বরাবরই নিম্নবিত্ত মানুষের ভরসা ছিল। তবে এখন শহরের বাস্তবতা পাল্টেছে। দামের পাশাপাশি সুবিধা, বৈচিত্র্য ও সময় বাঁচানোর কারণে ফুটপাত হয়ে উঠেছে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ‘প্রথম চয়েস’।
সাহেববাজার জিরো পয়েন্টের ফুটপাত থেকে ক্যাজুয়াল জ্যাকেট কিনছিলেন মাসুদ নামের এক ঔষধ কোম্পানির কর্মী।তিনি বলেন,অভিজাত দোকানের অর্ধেক দামে এখানে জিনিস পাওয়া যায়। ফ্যাশনও খারাপ না। একই জ্যাকেট শোরুমে ১৮০০-২০০০, আর এখানে ৮০০-৯০০ টাকা।
রানিবাজার মোড় মানে কম টাকায় কম্বল।সেখানে মনিকা পাল নামের এক গৃহিনী কম্বল দেখছে, ক্রেতা তেমন না থাকায় বিক্রেতাও হাসিমুখে দেখাচ্ছেন ক্রেতা আকৃস্টের জন্য। মনিকা পাল বলেন, এখন ফ্যাশন-বাজেট সব দিক থেকেই ফুটপাত প্রতিযোগিতা করছে। রাস্তায় রাস্তায় এত শীতের পোশাক সাজানো থাকে যে, চোখ ফেরানো যায়না।
ফুটপাতের বড় শক্তি হলো সাশ্রয়ী দাম। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুধু সস্তা নয়, মানও ভালো রাখার চেষ্টা করেন তারা।কয়েক যুগ ধরে শীতবস্ত্র বিক্রি করা জিরোপয়েন্টের ফুটপাতের ব্যবসায়ী মোতাহার হেসেন বলেন, ‘এখন ক্রেতারা খুব সচেতন। তারা কাপড়ের মান দেখেন, সেলাই দেখেন, চেইন টানে। তাই ভালো মাল না রাখলে বিক্রি হয় না। তাই আমরা পাইকারি ভালো মাল উঠাই।’
তিনি আরও জানান, শীত পুরোপুরি শুরু না হলেও এখনো প্রতিদিন কয়েক হাজার টাকার বিক্রি হচ্ছে।তাছাড়া ক্রেতারা অনেক সজাগ,তারা বিভিন্ন দোকান ঘুরে দাম যাঁচাই করে ক্রয় করেন।প্রতিযোগীতা মূলক বেচাকেনার জন্য কম লাভে পন্য ছেড়েদেন। এছাড়া এবার দামদরও তেমন বাড়েনি৷ ক্রেতারা অনেকেই দাম জেনে যাচ্ছেন।
গণকপাড়ায় উলের সোয়েটার হাতে নিয়ে দেখছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীমারিয়া সুলতানা। তিনি বলেন, ‘মার্কেটে গেলে তো বাজেট বাড়াতে হয়। এখানে দরদাম করে নিজের মতো বেছে নেওয়া যায়। বরং অনেক সময় ভালো মানের জিনিস এখানে পেয়ে যাই।’
রাজশাহী প্রেসক্লাবের সামনের ফুটপাতে বাচ্চাদের জন্য পোশাক কিনতে আসা ফরিদা পারভিন বলেন,শপিং মলের দোকানে গেলে সময়ও লাগে, টাকা লাগেও বেশি। এখানে যাঁচাই করে হাতের কাছে পাই। তাছাড়া একই দোকানে সব বয়সের লোকের পোশাক পাওয়া যায়।
ফুটপাতে ব্যবসা করা আমিনুল ইসলাম বলেন, ‘শীতের একেকটা দিন আমাদের জন্য উৎসবের মতো। ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরু থেকে দুই - তিন সপ্তাহই সবচেয়ে জমে ওঠে ব্যবসা।‘এখন সব শ্রেণির মানুষ ফুটপাতে কেনাকাটা করতে আসে। শীতের সময় ফুটপাতেই সবচেয়ে বেশি ক্রেতা হয়।’
তিনি আরো বলেন,আগের ফুটপাতের চেয়ে এখনকার ফুটপাতের দোকান গুলো অনেক বেশি সাজানো-গোছানো। মৌসুম অনুযায়ী বিভিন্ন ডিজাইনের পোশাক, কোরিয়ান স্টাইলের জ্যাকেট, ওভারসাইজ হুডি, উলের টুপি-সবই পাওয়া যায় ফুটপাতে।
নিউমার্কেট হকার মার্কেটের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বাজার বুঝে মাল আনি। এখন তরুণরা হুডি বেশি চায়, আবার পরিবারগুলো সোয়েটার আর কম্বলের দিকে ঝোঁকে। তাই সব ধরনের মালই রাখি।’এ মার্কের সাশ্রয়ী মূল্য যে কোন পোশাক পাওয়া যায়।
তিনি জানান, ‘এবার পাইকারি বাজারে আগেই প্রচুর পোশাক এসেছে। চাহিদা বাড়বে ধরে সবাই প্রস্তুতি নিয়েছেন।
ফুটপাত ব্যবসায়ীরা বলছেেন,ফুটপাতে এখনো মানুষের ভিড় থাকলেও তেমন বেচাকেনা নাই,শীত বেশি হলে বিক্রি কয়েকগুণ বেড়ে যাবে বলে আশা করছেন তারা।