২৬ মার্চ থেকে পাবনা - ঢাকা রুটে চলবে সরাসরি ট্রেন

Direct train to run on Dhaka route
আবুল কালাম আজাদ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ০৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ন
২৬ মার্চ থেকে  পাবনা - ঢাকা রুটে  চলবে সরাসরি ট্রেন
২৬ মার্চ থেকে পাবনা - ঢাকা রুটে চলবে সরাসরি ট্রেন

২০২৬ সালের মার্চ মাসে পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ মইনউদ্দিন বলেন, বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামাল পরিবহনে উদ্দেশ্যে নির্মিত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তিনি।

সারাদেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে শেখ মইনউদ্দিন বলেন, দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পুরোনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার।


পাশাপাশি, আরিচা খাসচর ফেরী সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। একইসঙ্গে ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক, পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর পক্ষ থেকে যোগাযোগ উন্নয়নে দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন গত ৮ ডিসেম্বর সোমবার ঈশ্বরদী আসেন। মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও উপদেষ্টার ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন তিনি। 

এ সময় পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন ও পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন