বিএনপির প্রার্থী আমিনুলের বক্তব্য ভাইরাল, ‘আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম’
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আমিনুল ইসলামের একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ‘আমি যা বলব, তাই আইন; আল্লাহর হুকুম’—এমন মন্তব্যের ৪২ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, নাচোলের নিজ বাড়িতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উঠান বৈঠকে একটি বিবাদপূর্ণ বিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছেন।
সন্ধ্যার পর অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে বিল নিয়ে মতবিনিময়ের এক পর্যায়ে আমিনুল ইসলাম বলেন, ‘এটাকে শক্ত হাতে দমন করতে হবে, মন মানসিকতা দিয়ে। সবখানে হাজি আমিনুল ইসলাম করে দেবে তা না। আপনাদেরও দায়িত্ব আছে। বিল আছে, বিল তো কেউ উঠিয়ে নিয়ে বাইরে চলে যাবে—কারও ক্ষমতা আছে? আবার আগের নিয়মে চলবে। যা ভাগ করে দিয়েছি তার বাইরে একটা সুচও নড়বে না।’
বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, ‘ভোটের আগে এগুলো নিয়ে আর বসব না। এক দুই মাসের জন্য সমস্যা হবে না। আল্লাহর ওপর ভরসা করেন, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। তখন কথা বলার মানুষই থাকবে না। আমি যা বলব তাই আইন, আল্লাহর হুকুম। তাই এখন ভয় করার কিছু নেই।’
স্থানীয় সূত্র জানায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে ‘ছোট বিল্লা–বড় বিল্লা’ নামে একটি বিল আছে। দীর্ঘদিন ধরে বিল নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং বিষয়টি হাইকোর্টেও বিচারাধীন। বিলটি থেকে প্রতিবছর সরকারের রাজস্ব হারানোর অভিযোগও রয়েছে।
এ বিষয়ে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, ‘আমিনুল হাজির এমন বক্তব্যে আমরা চরমভাবে বিব্রত। তিনি দলীয় আদর্শ থেকে এমন মন্তব্য করতে পারেন না। এই বক্তব্য তৃণমূল বিএনপি সমর্থন করে না।’