আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না’
শিশু সাজিদকে উদ্ধারের কাজ দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন মা রুনা খাতুন। বিলাপ করতে করতে তিনি বলেন, আল্লাহ, আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না রে। আল্লাহ, আমার ছাওয়াল শ্যাস (শেষ)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কয়েকজন প্রতিবেশীর কাঁধে ভর দিয়ে তিনি খননের জায়গায় আসেন। সেখানে এসে তিনি আহাজারিতে ভেঙে পড়েন।
কাঁদতে কাঁদতে তিনি বারবার বলেন, আল্লাহ, আমার ছাওয়াল শ্যাস রে আল্লাহ। আমার ছাওয়াল শ্যাসরে আল্লাহ। আল্লাহ, আমার ছাওয়ালকে ফিরায়া দাও। আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখতে পানু ন্যা। আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না রে। আল্লাহ, আমার ছাওয়াল শ্যাস।
দুই বছর বয়সী সাজিদকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি উদ্ধার তৎপরতায় সবার সহযোগিতা চান এবং উদ্ধারকর্মী ছাড়া অন্য সবাইকে দূরে থাকার অনুরোধ জানান।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর গভীর রাত পর্যন্ত কয়েক দফায় ফায়ার সার্ভিস কর্মীরা ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা নামান। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। তবে থেমে থাকেনি ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, মাটি থেকে ৪২ ফুট গভীরেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে খনন ছাড়া উপায় নেই। তাই বড় পরিসরে খোঁড়া হচ্ছে। শিশুটিকে উদ্ধারে আরও সময় লাগবে।