দুর্ঘটনার খবর পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেওয়া হবে’

'Compensation forms will be delivered'
অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ন
দুর্ঘটনার খবর পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেওয়া হবে’
..সংগৃহীত ছবি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেখানেই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ কর্মকর্তারা গিয়ে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেবেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের জন্য আবেদন করার বর্তমান এক মাসের সময়সীমা বাড়িয়ে দুই মাস করা হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে। খুব শিগগিরই নিহত ও আহতদের পরিবার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আজ যারা টাকা পাচ্ছেন, এটি তাদের প্রতি অনুগ্রহ নয় এটি তাদের অধিকার। আর সেই অধিকার নিশ্চিত করতেই আমরা কাজ করছি।

অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা, গুরুতর আহত এক পরিবারকে ৩ লাখ টাকা এবং আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।