ওসমান হাদির ওপর হামলাকারীর তথ্য চেয়ে অনুরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান পরিচালনা করছে ডিএমপি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নিচে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করেও তথ্য দেওয়া যাবে।
যোগাযোগ:
ডিসি, মতিঝিল: ০১৩২০০৪০০৮০
ওসি, পল্টন থানা: ০১৩২০০৪০১৩২
জরুরি সেবা: ৯৯৯
ডিএমপি আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।