রেকর্ড গড়ে অ্যানফিল্ডকে ‘সাময়িক’ বিদায় জানালেন সালাহ

cricket
অনলাইন ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
রেকর্ড গড়ে অ্যানফিল্ডকে ‘সাময়িক’ বিদায় জানালেন সালাহ
সংগৃহীত ছবি

লিভারপুলে মোহামেদ সালাহর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, অ্যানফিল্ডে তার রেখে যাওয়া কীর্তি প্রশ্নাতীত। শনিবার ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয়টি যদি অলরেডদের হয়ে তার শেষ ম্যাচও হয়, তবে তিনি বিদায় নিয়েছেন এক অনন্য রেকর্ড গড়ে।

একসময় চেলসিতে ব্যর্থ হওয়ার পর ফিওরেন্টিনা ও রোমাতে ক্যারিয়ার পুনরুজ্জীবিত করা এই মিশরীয় তারকা এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের (গোল ইনভলভমেন্ট) একক মালিক।

গত সপ্তাহে ক্লাবের বিরুদ্ধে তাকে ‘বাসের নিচে ফেলে দেওয়ার’ অভিযোগ তোলার পর এটি ছিল তার প্রথম ম্যাচ। ইনজুরিতে পড়া জো গোমেজের বদলি হিসেবে ম্যাচের ২৬ মিনিটে মাঠে নামেন তিনি। এক ঘণ্টা পার হওয়ার মুখে তার নেওয়া কর্নার থেকেই হেডে গোল করেন হুগো একিতিকে।

এই অ্যাসিস্টের মাধ্যমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সালাহর মোট গোল ইনভলভমেন্ট দাঁড়াল ২৭৭-এ (১৮৮ গোল ও ৮৯ অ্যাসিস্ট)। এর মাধ্যমে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনির (১৮৩ গোল ও ৯৩ অ্যাসিস্ট) রেকর্ড টপকে গেলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৪২১ ম্যাচে তার ৩৬৪টি গোল অবদান (২৫০ গোল ও ১১৪ অ্যাসিস্ট) রয়েছে, যা তাকে ক্লাবের একজন আইকনে পরিণত করেছে।

ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে অ্যানফিল্ডের চারপাশের দর্শকদের অভিবাদনের জবাব দেন সালাহ। ভক্তরা তাদের ‘মিশরীয় রাজা’র জন্য পরিচিত গানটি গাইছিল। টানেলে ফেরার আগে সবার শেষে মাঠ ছাড়েন তিনি এবং মূল গ্যালারিতে থাকা পরিবারের দিকে হাত নাড়েন। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল এটি হয়তো একটি বিদায়, অন্তত কিছু সময়ের জন্য।

আসন্ন আফ্রিকা কাপ অফ নেশন্সের (আফকন) প্রস্তুতির জন্য সালাহ কায়রোতে মিশর দলের সঙ্গে যোগ দেবেন। তবে লিডসের বিপক্ষে ম্যাচের পর কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক নেই বলে যে মন্তব্য করেছিলেন, তার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে মনে হচ্ছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ স্লট পরিষ্কার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমার দিক থেকে সমাধান করার মতো কোনো সমস্যা নেই। লিডস ম্যাচের পর যা ঘটেছে তা নিয়ে আমার আর কথা বলার কিছু নেই।’ 

আফকনের পর তিনি সালাহকে দলে চান কিনা, এমন প্রশ্নের জবাবে স্লট স্পষ্ট ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন এবং জানান শুক্রবার তাদের মধ্যকার আলোচনা ইতিবাচক ছিল।

সালাহ নিজে অবশ্য নতুন করে কোনো মন্তব্য করেননি বা প্রকাশ্যে ক্ষমা চাননি। মিক্সড জোনে সাংবাদিকদের দেখে হাসিমুখে তিনি মজা করে বলেন, ‘পরপর দুই সপ্তাহ? না, না।’

ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক দায়িত্ব শেষে ৩৩ বছর বয়সী এই তারকা লিভারপুলেই ফিরবেন। তিনি দূরে থাকার সময়েই উভয় পক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।