বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২১ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ৫৩৭৫ গ্রাজুয়েট

2nd convocation on December 21, 5375 graduates participating
আবুল কালাম আজাদ ১৫ ডিসেম্বর ২০২৫ ০৩:০১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ১৫ ডিসেম্বর ২০২৫ ০৩:০১ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২১ ডিসেম্বর, অংশ নিচ্ছেন ৫৩৭৫ গ্রাজুয়েট
রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার।

রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার। এ সমাবর্তনে অংশ নেবেন মোট ৫ হাজার ৩৭৫ জন গ্রাজুয়েট।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ। তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্রাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য গবেষক ও প্রকৌশলবিজ্ঞানী, কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. এম. আনোয়ার হোসেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন।

১৫ ডিসেম্বর (রোববার) সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

তিনি জানান, এবারের সমাবর্তনে সামার ২০২০ থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ডিগ্রি গ্রহণ করবেন। ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, পাবলিক হেলথ, ইংরেজি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেবেন।

উপাচার্য আরও বলেন, এবারের সমাবর্তনে গ্রাজুয়েটদের সঙ্গে তাদের বাবা ও মা অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনের মূল বার্তায় তুলে ধরা হবে বৈশ্বিক ও জাতীয় অর্থনৈতিক মন্দা এবং খাদ্য সংকট মোকাবেলায় গ্রাজুয়েটদের সম্ভাব্য ভূমিকা।

তিনি জানান, সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সমাবর্তনের ক্ষণগণনা শুরু করেন।