কুয়াশায় আছন্ন রাজশাহী ,দেখা মেলেনি সূর্যের

Rajshahi shrouded in fog, sun not visible
নিজস্ব প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:৩১ অপরাহ্ন
কুয়াশায় আছন্ন রাজশাহী ,দেখা মেলেনি সূর্যের
রাজশাহীতে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

রাজশাহীতে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে, দেরিতে খুলছে দোকানপাটও।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তরের হিমেল হাওয়া অবিরাম বইছে। রাতভর কুয়াশায় ঢেকে ছিল চারপাশ। সকালে সূর্যের দেখা না পাওয়ায় শীত আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, “ভোরে কাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু উঠেই দেখি হিমেল বাতাস বইছে। কিছুক্ষণ অপেক্ষা করে সকাল সাতটার দিকে বের হয়েছি। বাতাসের কারণে টিকে থাকা কঠিন হয়ে গেছে। গ্লাভস না থাকলে ঠান্ডায় হাত জমে যায়।”

মাফিন নামে এক স্কুলছাত্রী জানায়, “স্কুল বন্ধ থাকলেও কোচিংয়ে যেতে হচ্ছে। শুক্রবারের চেয়ে শনিবার শীত অনেক বেশি লাগছে। হিমেল বাতাসে সকালে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে।”

নগরীর বুধপাড়া রেল বস্তিতে বিভিন্ন বয়সী মানুষকে আগুন জ্বেলে শরীর গরম করতে দেখা গেছে। কেউ চায়ের কাপে হাত গরম করছেন, কেউ মোটা কম্বল গায়ে জড়িয়ে বসে আছেন। তাদের অভিযোগ, রাজশাহীতে এখনও সরকারি-বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে চরম কষ্টে দিন কাটছে তাদের।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, “শুক্রবারের তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। শুক্রবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বেড়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”