চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিয়ে পুরস্কার পেল বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট সদস্যরা

Scout members of Babudaing Alo Pathshala receive awards
নিজস্ব প্রতিবেদক: ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ ডিসেম্বর ২০২৫ ০৪:৪৫ অপরাহ্ন
চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিয়ে পুরস্কার পেল বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট সদস্যরা
চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিয়ে পুরস্কার পেল বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট সদস্যরা

চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিয়ে সেরা কর্মকর্তা ও সেরা স্কাউট হিসেবে পুরস্কার পেয়েছে বাবুডাইং আলোর পাঠশালার কম্পিউটার অপারেটর ক্যাম্পের সচিব মেহেদী হাসান ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাঞ্চন সাইচুরি। রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় এ ক্যাম্পের সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের আয়োজনে গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয় এ ক্যাম্পের। ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ স্লোগানে এ ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ। ক্যাম্পের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালা। এতে জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে রোভার সদস্যরা অংশ নেয়। এছাড়া এ ক্যাম্পে অংশ নেয় বাবুডাইং আলোর পাঠশালার একটি দলও।  

সমাপনি অনুষ্ঠানে আরও পুরস্কার দেয়া হয় ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা উপদল হিসেবে ফজলি দলকে। এছাড়া সেরা অংশগ্রহণকারী, সেরা রোভার, সেরা গার্ল ইন রোভারদেরকেও পুরস্কৃত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর জেলার প্রাকৃতিক টিলাবেষ্টিত ভূমির বাবুডাইং এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা ২৫টি চ্যালেঞ্জে অংশ নেয়। জানতে পারে বিভিন্ন রোমাঞ্চকর ও শিক্ষনীয় বিষয়। সেগুলোর মধ্যে রয়েছে নেচার অবজারভেশন, নাইট হাইকিং, এ্যামেজিং নাইট, সাইড সীন, সোশাল ডেভেলপমেন্ট, এ্যামেচার রেডিও এক্টিভিটিজ, ফায়ার এন্ড রেসকিউ, ক্যারিয়ার প্ল্যানিং। এসব চ্যালেঞ্জের মাধ্যমে তারা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জঙ্গল, টিলাবেষ্টিত প্রতিকূল পরিবেশ অতিক্রম করবে। পরিদর্শন করে কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন গাঁথার গল্প। এছাড়া ঐতিহাসিক সোনামসজিদ, দরাসবাড়ি মসজিদ ও মাদরাসা, বালিয়াদীঘি, চামচিকা মসজিদ, সোনামসজিদ জিরো পয়েন্ট, তোহাখানা পরিদর্শনের মাধ্যমে ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে জানার সুযোগ পায়।

বিদায় বেলায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার গ্রুপের উপদল নেতা (আরএম) মো. মেহেদী হাসান মাহিন বলেন, ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ অ্যাডভেঞ্চার ক্যাম্পের থিম একেবারেই সার্থক হয়েছে। আমরা এ ক্যাম্পে এসেছি অনেক দূর থেকে। আমরা যা আশা করেছিলাম, তার চেয়েও বেশি পেয়েছি। একদিনে আমরা পাড়ি দিয়েছি বরেন্দ্রর লীলাভূমি, ছোট ছোট পাহাড়ি টিলা, বন, ঝোঁপঝাড়, প্রাকৃতিক খাড়ি। অংশ নিয়েছি বিভিন্ন চ্যালেঞ্জে। এসব যাত্রা আমাদের মনে রোমাঞ্চকর অনুভূতি এনে দিয়েছে। এছাড়া আমরা বইয়ে পড়েছিলাম, গৌড়ের রাজধানী সম্পর্কে। কিন্তু এখানে এসে আমরা পর্যটন স্থান ছোট সোনামসজিদ, তোহাখানা, দরাসবাড়ি মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ঐতিহাসিক জায়গায় গিয়েছি। জেনেছি অনেক কিছু। এক কথায় বলতে গেলে এ ক্যাম্পে আসাটা আমাদের সার্থক হয়েছে।

ঢাকা জেলা রোভারের অন্তর্গত পিপল্স ওপেন স্কাউট গ্রুপের সদস্য সুমন মিয়া বলেন, ক্যাম্পে এসে আমরা বিভিন্ন জেলার রোভারদের সঙ্গে মিলিত হয়েছি। একে-অপরকে জানতে পেরেছি। বন্ধুত্ব হয়েছে। এছাড়া স্থানীয় কোল ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষদের বাড়ি বাড়ি গিয়েছি। স্বাস্থ্যসেবা সম্পর্কে বলেছি। দিয়েছি সাবানও। জানতে পেরেছি তাঁদের জীবন যাত্রার পদ্ধতি, সংস্কৃতি, খাদ্যাভাস। বলা যায়, এখানে এসে আমরা বিভিন্ন জায়গার মানুষদের সঙ্গে মিলে তাঁদের সাংস্কৃতিক চর্চা সম্পর্কে জানতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা সকলেই মানবিকতার পাশে রয়েছি। মনুষত্ববোধ নিয়ে সকলে একসঙ্গে যেতে পারছি। আমরা স্কাউটিং আদর্শকে সামনে নিয়ে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।  

এরআগে শনিবার রাত্রে তাবু জলসার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক পর্ব এড়িয়ে যেতে হয়। এসময় বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা স্কাউটসের সম্পাদক আনোয়ারুল ইসলাম দুলাল, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, ক্যাম্পে মেডিকেল লজিস্টিক সরবরাহকারী প্রতিষ্ঠান ল্যাব ওয়ান মেডিকেলের ব্যবস্থাপক আব্দুল অহিদ, ক্যাম্প পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহসভাপতি সাঈদ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেলাল উদ্দিন শেখ নাসিম।

গত বৃহস্পতিবার সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনী এলাকার চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ডেন (কার্যালয়) থেকে এ ক্যাম্পের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্যাম্প চীফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের এসিসট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) সাইফুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রোগ্রাম চীফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার এএলটি কে এ এম মাহফুজুর রহমান, ডেপুটি ক্যাম্প চীফ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাম্প কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আবাসন ইনচার্জ ও বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ক্যাম্পের সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেলাল উদ্দিন শেখ নাসিম, ক্যাম্প পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহসভাপতি সাঈদ মাহমুদ। ট্র্যাকিং মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল কোল।

উদ্বোধন শেষে রোভাররা এক লাইনে ট্র্যাকিং শুরু করে। এসময়ে মধ্যে তারা বাবুডাইং এলাকার পাহাড়ি টিলা, জঙ্গল, খাঁড়ি, মাঠ, ক্ষুদ্র জাতিসত্ত্বার গ্রাম পরিদর্শন করে চলতে থাকে। মাঝে থাকে চা-বিরতি। দুপুর তিনটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় গিয়ে ট্র্যাকিং শেষ হয়। সেখানে মধ্যাহ্নভোজের পর শুরু হয় আবার কিছু চ্যালেঞ্জ। এরমধ্যে হিল ফান, হাঁড়ি ভাঙ্গা, রশি টানা, আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ক্যাম্পে ফিরে আসে তারা। সন্ধ্যায় প্রার্থনা শেষে নাইট হাইকিং-এ অংশ নেয় তারা।