আম্মারকে ৩০ মিনিটে রাবি ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম ছাত্রদল
মাত্র ৩০ মিনিটের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত হয়।
এদিকে শাকিলুর রহমান সোহাগের ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাবি ক্যাম্পাস ও রাজশাহী মহানগরীতে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিসে তালা দেয়া হয়েছে। এমনকি উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর অফিসেও তালা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ছাত্রদল একটি বিবৃতি দিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে। কিন্তু রাকসুর কতিপয় ‘ফুটেজখোর’ নেতা সেই প্রতিবাদলিপির বিরোধিতা করে কথা বলেছেন।
সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ছাত্রদলের সঙ্গে লাগতে আসবেন না। পুরো রাজশাহীর দরকার নেই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম, সক্ষম, সক্ষম।
শাকিলুর রহমান সোহাগের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিলো ৩০ মিনিটে তালা মেরে দিবে। বলি চাচা, শুনেন! মন দিয়ে শুনবেন! ক্যাম্পাসে ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর-বিড়ালের মতো পড়ে থেকে এই ক্যাম্পাসের বোঝা হবো না। একদিন থাকলে থাকার মতো করেই থাকব। আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করব। সাহস থাকলে আসো চান্দাভাই।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলার বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল, তা উপেক্ষা করে বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষের মঙ্গল ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন। তিনি আরও বলেন, ২৫ ডিসেম্বরের পর সারাদেশে যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিএনপি নেতা-কর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে।
এর আগে সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি স্বাগত মিছিলের আয়োজন করে। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।