রাজশাহীর গণপরিবহনে যাত্রী সেবার ঘাটতি
রাজশাহীর গণপরিবহনে যাত্রী সেবার চরম ঘাটতি। রাজশাহী নগরীর গণপরিবহনে যাত্রীসেবার চরম সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে।বাসস্টপে যাত্রী দুর্ভোগ, নেই যাত্রী ছাউনি, মাতৃদুগ্ধ কর্নার ও গণশৌচাগার । নগরীর প্রায় সব বাসস্টপেজ ও টিকিট কাউন্টারে নেই ন্যূনতম যাত্রীবান্ধব অবকাঠামো। যাত্রীদের জন্য নেই যাত্রী ছাউনি, মাতৃদুগ্ধ কর্নার কিংবা গণশৌচাগারের মতো মৌলিক সুবিধা। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফুটপাতে কিংবা খোলা রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় বাসের অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। শিশু সন্তানসহ মায়েদের জন্য কোথাও নেই নিরিবিলি ও নিরাপদ মাতৃদুগ্ধ কর্নার। জরুরি প্রয়োজনে শৌচাগার না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন যাত্রীরা।অনেক বাসস্টপেজে নির্দিষ্ট কোনো চিহ্ন বা অবকাঠামো না থাকায় যাত্রীরা ফুটপাতে বা সড়কের কিনারে দাঁড়িয়ে থাকেন। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ছিনতাই, হয়রানি ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন স্টপেজগুলোতে নিরাপত্তাহীনতায় ভোগেন নারী যাত্রীরা।নগরীর এক কলেজছাত্রী বলেন,বৃষ্টি হলে ভিজে বাসের অপেক্ষা করতে হয়। অনেক সময় ভিড়ের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয়। অথচ একটু ছাউনি আর আলো থাকলেই অনেক সমস্যার সমাধান হতো।
এক বৃদ্ধ যাত্রী জানান,বয়স হয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর। বসার কোনো ব্যবস্থা নেই। বাথরুম তো কল্পনাই করা যায় না।
সচেতন নাগরিকরা বলছেন, একটি আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তুলতে হলে গণপরিবহনের যাত্রীসেবায় মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। প্রতিটি বাসস্টপেজে যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো, গণশৌচাগার এবং নারী ও শিশুবান্ধব মাতৃদুগ্ধ কর্নার স্থাপন এখন সময়ের দাবি।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তা না হলে রাজশাহীর গণপরিবহনে যাত্রী দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।