বর্ণিল আয়োজনে বড়দিন, বিশ্বশান্তিতে বিশেষ প্রার্থনা
বর্ণিল আয়োজনে বড়দিন, বিশ্বশান্তিতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়,ভালোবাসা, শান্তি ও মানবিকতার বার্তা নিয়ে রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল নয়টায় রাজশাহী নগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়, মিশায় বিশ্বশান্তি ও মানবকল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। বিশ্বশান্তির বিশেষ প্রার্থনা পরিচালনা করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেরভাস রোজারিও। সহযোগিতা করেন ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাবিয়ান মারান্ডী। মিসায় সিস্টার, ব্রাদারসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশ নেন।প্রার্থনা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্যাথিড্রাল প্রাঙ্গণে এসে বড়দিনের আনন্দঘন আয়োজনে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বিশপ, যাজক ও শিশুদের সঙ্গে কেক কাটেন এবং শিশুদের মুখে কেক তুলে দেন। পাশাপাশি উপস্থিত সবার সঙ্গে বড়দিনের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তব্যে বিশপ জেরভাস রোজারিও বলেন, যিশু খ্রিস্ট মানবজাতিকে শান্তি, সহমর্মিতা ও ক্ষমার শিক্ষা দিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই মূল্যবোধ ধারণ করলেই একটি সহনশীল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
বড়দিন উপলক্ষে ক্যাথিড্রাল প্রাঙ্গণ সাজানো হয় আলো, ফুল ও রঙিন অলংকরণে। প্রার্থনা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহ। এই আয়োজন রাজশাহীতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বিশ্ববাসীর কাছে বিনিময় হয়।