রাজশাহীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত
রাজশাহতে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। টানা তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমুল মানুষ। প্রচণ্ড ঠান্ডার কারণে তারা কাজে বের হতে পারছেন না।মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চারদিক কুয়াশায় ঢাকা থাকছে।ফলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। এদিন রাজশাহীর আকাশে দিনভর সূর্যের দেখা মেলেনি। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষক ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। শীত নিবারণে অসহায় ও দুস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। পশুর শীত নিবারণে চটের বস্তা ব্যবহার করা হচ্ছে।