শিয়াল আতঙ্কে রাজশাহীর পদ্মা চরের মানুষ

People of Rajshahi's Padma Char fear foxes
আবুল কালাম আজাদ,রাজশাহী ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন বিশেষ সংবাদ
আবুল কালাম আজাদ,রাজশাহী ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন
শিয়াল আতঙ্কে রাজশাহীর পদ্মা চরের মানুষ
....সংগৃহীত ছবি

রাজশাহীর পদ্মার ষাট বিঘা চরে সাঁওতালদের একটি দল এসে জঙ্গলে বুনো শুয়োর, ইঁদুর ও খরগোশ ধরতে অভিযান চালায়। তারা একটি শিয়ালের বাচ্চাও ধরে নিয়ে যায়।এর পর থেকেই শিয়ালেরা ক্ষুব্ধ হয়ে হামলা শুরু করেছে। 

রাজশাহীর পদ্মার ষাট বিঘা চরে।

 ইতিমধ্যে কৃষকের বাথানে (গোয়াল ঘর)ঢুকে একরাতে প্রায় ২০০  গরু ও তিনটি মহিষকে কামড়ে  জখম করেছে দলবদ্ধ শিয়াল ।এছাড়া  দুজন মানুষের ওপর আক্রমণ করে তাদেরও  আহত করেছে। এত কিছুর পর  শিয়ালগুলো না পালিয়ে আক্রমণাত্মক ভাবে দলবেধে মহড়া দিচ্ছে। চরের মানুষ এখন আতঙ্কিত। কোন কৃষক হাসুয়া-লাঠি হাতে না নিয়ে মাঠে যাচ্ছেন না। একাকি পেলেও আক্রমন করছে দলবদ্ধ শেয়াল।

ষাট বিঘা চর রাজশাহী শহরের ওপারে। ভারতীয় সীমানা লাগোয়া পদ্মা নদীর এ চরে আগে ৩৮০টি বাড়ি ছিল। পদ্মার ভাঙনে বাড়ির সংখ্যা কমতে কমতে এখন মাত্র চারটিতে দাঁড়িয়েছে। এই গ্রামের কিছুটা দূরে বালুচরে বাথান করে গরু-মহিষ পালন করা হয়।সেখানে রাতে কোনো মানুষ থাকে না। 

গত ২০ ডিসেম্বর রাতে ওই বাথানেই হামলা করে শিয়ালের একটি দল। তারা কয়েকটি বাথানের ভেতর ঢুকে প্রায় ২০০ গরু ও তিনটি মহিষকে কামড়ে জখম করে।

ষাট বিঘা চরের বাসিন্দা আফসার আলী দিনে চিনি ও গুড়ের ঝুরি বিক্রি করেন। সকালে তিনি ঝুরি নিয়ে চরে যাচ্ছিলেন,সঙ্গে আক্কাস আলীও নামের এক আত্মীয় ছিলেন। হটাতকরে একটি শিয়াল এসে প্রথমে আফসারকে আক্রমণ করে, তাকে বাঁচাতে হাতের হাসুয়া দিয়ে শিয়ালকে আক্রমণ করতে যান আক্কাস। এ সময় কামর দিয়ে আক্কাস আলীর হাতের মাংস তুলে নেয় শিয়ালটি। আর আফসারের ঠোঁট ও একটি আঙ্গুল কামড়ে জখম করে শিয়াল। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন আহত দুজন। 

শনিবার( ২৭ ডিসেম্বর)সকালে সরজমিনে পদ্মার ষাট বিঘা চরে গরুর বাথানে গিয়ে কথা হয় চর মাজারদিয়াড়ের বাসিন্দা আসলাম আলী সঙ্গে। তিনি জানান, রাতে একদল শিয়াল সব গরুর মুখে কামড়েছে। আক্রমণের পর সব গরু বাথান থেকে বের হয়ে যায়। সকালে ফসলের খেতে গরু চরে বেড়াচ্ছে শুনে তারা ছুটে আসেন। এসে দেখেন, বেশিরভাগ গরুর মুখে জখম। যেসব বাথানের দরজায় জাল দেওয়া ছিল, শিয়াল শুধু সে বাথানগুলোতে ঢোকেনি। অন্য সব বাথানে ঢুকে গরুকে জখম করেছে শিয়াল।


কথা হয় মাজারদিয়াড় গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের সঙ্গে। তিনি বলেন,  আগের দিন দুপুরে খানপুরের রাখালেরা একটি শিয়ালকে পিটিয়ে মারে। তখন চারটি শিয়াল দূরে দাঁড়িয়ে দেখে। এরপর রাতেই দলবেঁধে বাথানে আক্রমণ হয়। শিয়াল এভাবে প্রতিশোধ নিয়েছে।

গ্রামের গরুর রাখালেরা অবশ্য শিয়াল হত্যার অভিযোগ স্বীকার করছেন না। তারা দাবি করছেন, আগের দিন সাঁওতালদের একটি দল এসে জঙ্গলে বুনো শুয়োর, ইঁদুর ও খরগোশ ধরতে অভিযান চালায়। তারা একটি শিয়ালের বাচ্চাও ধরে নিয়ে যায়। এ কারণেই শিয়ালেরা ক্ষুব্ধ হয়ে হামলা শুরু করেছে। এখন মাঠে গরু চরাতেই তারা ভয় পাচ্ছেন।

চরে মোটরসাইকেলে যাত্রী বহন করেন মো. শাকিল। তিনি জানান, কয়েকদিন আগে তার সামনে দুটি শিয়াল এসে দাঁড়িয়েছিল। ভয় পেয়ে তিনি দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। গোটা চরের মানুষ এখন শিয়ালের জন্য আতঙ্কে রয়েছেন। কাউকে একা পেলেই শিয়াল তাড়া করছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান জানান, বাথানে শিয়ালের আক্রমণের খবর পেয়েই তাদের চিকিৎসক দল পাঠিয়েছিলেন। গরুগুলোকে ইতোমধ্যে দুই ডোজ করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরও তিন ডোজ করে দরকার। এত ভ্যাকসিন তাদের নেই। এ জন্য জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়। তিনি জেলা পরিষদ থেকে অনুদানের ব্যবস্থা করতে চেয়েছেন। তারা বাকি তিন ডোজ ভ্যাকসিনও দেবেন।

পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ জানান, পরদিনই তারা ভ্যাকসিন দিতে যান। মুখে জখম রয়েছে এমন দেখে দেখে তারা ২০০টি গরুকে ভ্যাকসিন দিয়েছেন। বাথানে প্রায় ৬০০ গরু ছিল। এরমধ্যে প্রায় ২০০ গরুকে শিয়াল জখম করে। ভ্যাকসিন দিতে গিয়ে তিনি নিজেই দেখেছেন যে শিয়াল মানুষকেও আক্রমণ করছে।

শিয়ালের এমন আচরণের বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, শিয়ালের প্রজনন মৌসুম ডিসেম্বর থেকে জানুয়ারি। এই সময় কেউ শিয়ালদের কেউ বিরক্ত করলে তারা এমন আচরণ করতে পারে। তাছাড়া আবাসস্থল ও খাবারের অভাব শিয়ালের ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ।