খালেদা জিয়াকে যেমন দেখেছি-

As I saw Khaleda Zia-
নিজেস্ব প্রতিবেদক: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:২০ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজেস্ব প্রতিবেদক: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৭:২০ অপরাহ্ন
খালেদা জিয়াকে যেমন দেখেছি-

(বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রফেসার আনিসুর রহমান ও সাবেক উপ উপাচার্য জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রফেসার আলতাফ হোসেন। ওয়ালিউর রহমান বাবু ও আসাদুল লতিফ মুরাদের সাথে প্রাণবন্ত আলাপ চারিতায় ওনারা যে কথাগুলো বলেছিলেন)


প্রফেসর আনিসুর রহমান সাবেক ভিসি

ছাত্রী হলটির নামকরণে ম্যাডাম জিয়ার কোন হস্তক্ষেপ ছিলো না

উপাচার্য প্রফেসর আমানুর সাহেব পদত্যাগ করলে সরকার কাকে এই পদে বসাবেন সে জন্য খোজ খবর নিতে  থাকেন বিভিন্ন সোর্স এর মাধ্যমে। আমি জানিনা আমার নামটি কিভাবে সেখানে গিয়েছিল। অবশ্য আমি তখন জিয়া পরিষদের সভাপতি। সভাপতি হিসেবে তার সঙ্গে যোগাযোগ ছিল এইটুকুই ।আমার নাম সরকারের কাছে যাওয়ায় উপাচার্যের দায়িত্বটা আমার উপর এসে পড়লো। ফলে উপচার্য হিসেবে তার সাথে যোগাযোগ রাখাটাই দায়িত্ব। বহু বার দেখা হয়েছে। কিন্তু একটা জিনিস খুবই সত্য। তিনি চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে। তিনি কখনোই দলীয় প্রভাব আমার উপর বা আমাদের প্রশাসনের উপর প্রয়োগ করেননি ।তার আমলে বেশ কিছু উন্নয়ন হয়েছিল। যা আমি করেছিলাম তা হলো জিয়াউর রহমান হল, বেগম খালেদা জিয়া হল, ছাত্রীদের জিমনেসিয়াম, কর্মাস বিল্ডিং এর সংস্কার, প্রথম ও দ্বিতীয় কলাভবনের উন্নয়ন, ক্যাম্পাসে রাস্তার উন্নয়ন। এগুলি সবই সিন্ডিকেটে প্রস্তাব এবং ভোটাভুটির পর অনুমোদন নিয়ে নিরপেক্ষভাবে পাস করা হয়েছিল। এ ক্ষেত্রে তিনি কখনোই দলীয় প্রভাব ফেলেননি।

তার আমলে আমি দায়িত্বরত থাকার সময় একটি বাস এনেছিলাম। তিনি ফারাক্কার ফলে উত্তরাঞ্চলের সমস্যা নিয়ে কথা বলেছিলেন। সেই কারণেই তার নামে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলটির নামকরণ করা হয়েছিল। এখানে ম্যাডাম জিয়ার  কোনই হস্তক্ষেপ ছিলো না।বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অর্থ বরাদ্দ নেবার জন্য ঢাকায় গিয়েছিলাম। তখন উনি বলেছিলেন ঢাকায় দুইদিন থাকতে পারবো কি না। এর কারণটি ছিল আমি নিজে মন্ত্রণালয় থেকে যেন এ ব্যাপারটি করিয়ে নিই। আমার মনে হয়েছে তিনি একজন দেশপ্রেমিক মহিলা। এবং কাজ করার আগ্রহ ছিল তার মধ্যে যথেষ্ট এখনো আছে । উনি চট করে কোন কমান্ড করতে চান না। আমি যখন উপাচার্যের দায়িত্ব পালন করছিলাম, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদের এলাকা। আপনারা সব কিছু করবেন। অনেকে বলে থাকেন উনি ভীষণ রাগী। আসলে তা নয়। তিনি রাস ভারি মহিলা । সবাই তার কাছে কথা বলার সুযোগ পাননা। কেউ তাকে তোশামোদ করে সুবিধা আদায় করতে পারে না। এমনকি তিনি কারো দ্বারা প্রভাবিত হন না। প্রশাসনকে আমি কড়াকড়ি করায় তখনকার সরকারী দলের অনেকেই এমনকি ছাত্রনেতা কর্মীরা আমার উপর খুশি হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো এগুলোর ব্যাপারে মাথা ঘামাতেন না। একবার কিছু ছেলেকে অন্যায় করার জন্য একমাসের ডিটেনশন দিয়েছিলাম। এ কথা শুনে উনি বলেছিলেন ডিটেনশন কেন। নন বেলেবল দিয়ে দিবেন ।


প্রফেসর আলতাফ হোসেন সাবেক প্রো-ভিসি

খুব কঠিন কথাও তিনি স্মাইলিং ফেসেই বলেন-

দলীয়ভাবে ম্যাডাম জিয়ার সাথে দেখা হয়েছে বহুবার। বিশ্ববিদ্যালয়ের অবস্থা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তাকে কখনো বাড়তি কথা বলতে শুনেনি।সময় হাসি খুশি থাকেন। সিরিয়াস কোন সিদ্ধান্ত গ্রহন করার সময় ও হাসি খুশি থেকেছেন। আমাদের বলতেন এমন কোন কাজ করবেন না যাতে জিয়াউর রহমানের আদর্শ এবং দলের ইমেজ ক্ষুণ্ন হয়। আমাদের কাজের প্রতি সমাজে গ্রহনযোগ্যতার প্রতি ও নিরপেক্ষতার প্রতি তার আস্থা ছিল। আমি উপ- উপাচার্য দায়িত্ব পাবার পর তার মন্ত্রণালয়ে দেখা হয়েছিল। তাঁর প্রথম প্রশ্ন ছিল আমাকে কেন সবাই আলতাফ হোসেন টু বলে । ব্যাপারটি বলার পর উনি নিঃশব্দে হেসেছিলেন। বলেছিলাম আমিতো আলতাফ হোসেন টু হিসেবে পরিচিতি। অনেকেই আছেন ফোর হিসেবে পরিচিত। ম্যাডাম বলেছিলেন দায়িত্ব পেলেন দায়িত্ব পালন করুন। সহযোগিতা থাকবে তবে কিভাবে কাজ করবেন সেটা আপনার ব্যাপার। কারণ ওটা আপনাদের এলাকা। বিশ্ববিদ্যালয় ব্যাপারে কখনোই ওনি আমাকে চাপ দেননি। বলেছেন আপনারাই বুঝবেন। সোসাইটি কি চাই। আর এর উপর তিনি জোর দিতেন সব সময়। সবাইকে শেষ করে দিয়ে একাই থাকার নীতিতে তিনি বিশ্বাসী নন। চাঁপাইনবাবগঞ্জে একবার তার সামনেই দলীয় কিছু লোকজন দলের এন্টি শ্লোগান দিয়েছিল। পরে তারা তার কাছে ক্ষমা চাইলে কঠোর ভাবে বলে দিয়েছিলেন কোন ক্ষমা নেই । উনি বলতেন যাই করেন জনগণের কাছে জিয়ার আদর্শে যেন দাগ না লাগে। প্রয়োজনে তিনি ইস্পাতের মতন কঠিন। বিনা কারণে হৈ চৈ পছন্দ করেন না। কখনো কারো কথায় প্রভাবিত হতে দেখিনি। উনি যে সময় দিতেন তা পালন করতেন যতই কাজ থাকুক এ কথা তিনি ভুলতেন না। এ প্রমান আমি অনেকবার পেয়েছি। শেষ দেখা ২০০০ সালের  ২৩ মার্চ ঢাকায় জিয়া পরিষদের একটি অনুষ্ঠানে। তিনি সেদিন সারা দিন ব্যস্ত ছিলেন । অনুষ্ঠানে যখন এলেন খুব কাছ থেকে বুঝলাম উনি অত্যন্ত ক্লান্ত । কিন্তু চেহারায় সেটির কোন ছাপ নেই। সারাক্ষণ ছিলে হাসিখুশি। কিন্তু আসলে উনি কষ্টসহিষ্ণু মহিলা। তার মুখে সব সময় হাসি লেগে থাকে যাকে বলে স্মাইলিং ফেস। খুব কঠিন কথাও তিনি স্মাইলিং ফেসেই বলেন। ফলে সেটা সহজ মনে হয়।

তথ্য সূত্র : সাপ্তাহিক দুনিয়া রাজশাহী ২৫ এপ্রিল - ১ মে ২০০০ ।