ইতিহাস শুধু শোকবার্তা নয়, সিদ্ধান্তের হিসাবও রাখে
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা। শোকবার্তায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্বীকার করা হয়েছে। শব্দগুলো ভদ্র, বার্তা সংযত। কিন্তু এখানেই প্রশ্নটা অনিবার্যভাবে এসে দাঁড়ায়।
দীর্ঘদিনের অসুস্থতা, জটিল রোগ, চিকিৎসার জন্য শেখ হাসিনার সরকারের আমলে বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়া, কারাবাসের মানসিক ও শারীরিক চাপ। এসবের দায় কি শুধু সময়ের, নাকি রাষ্ট্রক্ষমতারও?
খালেদা জিয়া রাজনীতি করেছেন রাজপথে থেকে। গ্রেপ্তার হয়েছেন, জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে যাননি। অসুস্থ শরীর নিয়েও তাকে বন্দি অবস্থায় রাখা হয়েছে বছরের পর বছর। সেই সময় রাষ্ট্র পরিচালনা করেছেন শেখ হাসিনা। সিদ্ধান্তগুলো রাজনৈতিক ছিল, কিন্তু তার ফল ভোগ করতে হয়েছে একজন অসুস্থ মানুষকে।আজ শোকবার্তায় বলা হচ্ছে, এই মৃত্যু বিএনপি ও রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। প্রশ্ন হলো, এই ক্ষতি কি অনিবার্য ছিল, নাকি মানবিক হলে কিছুটা হলেও এড়ানো যেত?
শোক প্রকাশ দায়িত্বের অংশ। কিন্তু ইতিহাস শুধু শোকবার্তা নয়, সিদ্ধান্তের হিসাবও রাখে। খালেদা জিয়ার মৃত্যুর পেছনে অসুস্থতা যেমন সত্য, তেমনি রাজনৈতিক প্রতিহিংসা কি একেবারেই অপ্রাসঙ্গিক?
বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হোক-এই কামনা ভবিষ্যতে সবার জন্যই রইলো।
এই প্রশ্নের উত্তর হয়তো আজ নয়। কিন্তু প্রশ্নটা থেকে যাবে।