অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা ও ডাম্পার মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা রাস্তার পাশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: শফিকুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া পৃথক আরেকটি মামলায় মো: আব্দুল করিম নামক একজন ডাম্পার মালিককে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্ট থাকায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
৩০ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পরিচালিত অন্য আরেকটি অভিযানে ডুলাহাজারা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মো: আইয়ুব নামের একজন ডাম্পার মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বিজয়বাংলা নিউজকে এসিল্যান্ড জানান, খাদ্যে ভেজাল, পঁচাবাসি খাবার বিক্রি, ভোক্তাদের সাথে প্রতারণা, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কর্তনসহ সার্বিক অনিয়ম-অপরাধ দমনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পুলিশ-আনসারদের সাথে নিয়ে নিয়মিত অভিযান চলছে। এক্ষেত্রে অপরাধী যেই হোক পার পাওয়ার সুযোগ নেই।