নওগাঁয় তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা
নওগাঁ জেলায় হঠাৎ করেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে শীতের তীব্রতা বেড়েছে। গত দুই দিন অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও শনিবার থেকে ফের হিমেল হাওয়ার প্রভাবে জেলাজুড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কের ঘরে, ফলে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার এই তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন।
ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে শীত আরও কষ্টদায়ক হয়ে উঠেছে। দিনের বেলায় সাময়িকভাবে সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে থাকে। রাত যত গভীর হয়, শীতের অনুভূতিও তত বাড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা।
ভান্ডারপুর গ্রামের ভ্যানচালক ফজলু মিয়া বলেন, “গত দুই দিন শীত একটু কম ছিল। কিন্তু আজ ভোর থেকে হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা শুরু হয়েছে। কুয়াশার কারণে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাঁচ হাত দূরের কিছুই দেখা যায়নি। যাত্রীও খুব কম। এই ঠান্ডায় গাড়ি চালানো কষ্টকর হলেও জীবিকার তাগিদে বের হতে হয়।”
গোবরচাঁপা এলাকার বাসিন্দা মিঠু হোসেন বলেন, “সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে। কুয়াশা আর হিমেল হাওয়ায় শীত কয়েক গুণ বেড়ে গেছে। এখন মানুষ সন্ধ্যা নামলেই গরম কাপড় পরে বাইরে বের হচ্ছে। ভোর থেকে চারপাশ কুয়াশায় আচ্ছন্ন।”
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।