রাজশাহীতে হঠাৎ করে এলপিজি গ্যাস সিলিন্ডার উধাও
রাজশাহীতে হঠাৎ করে এলপিজি গ্যাসের সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে । বাড়তি দাম দিয়েও বাজারে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন রাজশাহীর স্থানীয় ভোক্তারা।
এদিকে খুচরা বিক্রেতাদেরও অভিযোগ, ডিলাররা তাদের চাহিদা অনুসারে গ্যাস সরবরাহ করছে না। এতে সংকটে পড়েছেন নিজেরাও। গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে বলেও জানান তারা।
রাজশাহীর সাগরপাড়া, স্টেশন কাঁচাবাজার, সাহেব বাজার, লক্ষীপুর, তালাইমারি সহ নগরীর বেশ কিছু দোকান সরেজমিন ঘুরে দেখা গেছে- বেশি দামে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে বাস্তবেই সাধারণ ক্রেতাদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন চরম বিপাকে।
নগরীর শিরোইলের কাশেম আলী জানান, গেলো সপ্তাহে যে গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫০ টাকায় পাওয়া যেত, সেটিই এখন কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় সাড়ে ৩৫০ টাকা বেশি গুনতে হচ্ছে। এতে আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।