তাপমাত্রা মাত্রা ৭ ডিগ্রিতে, শীতে জবুথবু রাজশাহী
রাজশাহীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ৬ জানুয়ারি মঙ্গলবার, ভোরে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টায় জেলায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল সোমবার (৫ জানুয়ারি) এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল থেকেই রাজশাহীতে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সকালে এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দেশ এখনো ‘কুয়াশা বেল্টে’ ঢাকা পড়ে আছে। অনেক এলাকায় দুপুরের আগে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা কম।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দুপুরের আগেই সূর্যের দেখা মিলতে পারে। তবে বরিশাল, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় সারাদিন আকাশ কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে।
চলতি মাসে ৫টি শৈত্যপ্রবাহের শঙ্কা;-
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এর মধ্যে,মৃদু থেকে মাঝারি: ২-৩টি শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-১০ ডিগ্রি থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস)।
মাঝারি থেকে তীব্র: ১-২টি শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬-৮ ডিগ্রি থেকে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস)।
জানুয়ারি মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত (কোথাও দুপুর পর্যন্ত) মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।