গভীর সমুদ্রে মিলেছে ১০ লাখ টাকার লাল কোরাল

Red coral worth 1 million taka
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ জানুয়ারি ২০২৬ ১২:৪০ অপরাহ্ন বিশেষ সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১০ জানুয়ারি ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
গভীর সমুদ্রে মিলেছে ১০ লাখ টাকার লাল কোরাল
গভীর সমুদ্রে মিলেছে ১০ লাখ টাকার লাল কোরাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন চ্যানেলে একটি ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৬৮৭টি লাল কোরাল মাছ। এসব মাছ বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়।

বুধবার বিকেলে মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন একটি ট্রলারে করে লাল কোরালগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে আনা হয়। দীর্ঘদিন পর এত বড় চালান আসায় ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে।
 
বঙ্গোপসাগরের নীল জলে মিলেছে এই বিরল ও মূল্যবান মাছের বড় চালান। সেন্টমার্টিন চ্যানেলের মৌলভীর শীল এলাকায় মাছগুলো ধরা পড়ে।

ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া জানান, মঙ্গলবার শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেয়। ট্রলারের মাঝি আবুল কালামের নেতৃত্বে এতে নয়জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে নোঙর করে জাল ফেলা হয়। সকালে জাল তুলতেই ধরা পড়ে লাল কোরাল মাছগুলো।

তিনি বলেন, ধরা পড়া ৬৮৭টি মাছের মধ্যে ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করা হয়েছে। প্রথমে মণপ্রতি ২৪ হাজার টাকা দরে দাম হাঁকা হয় ১২ লাখ টাকা। পরে দর কষাকষির মাধ্যমে মণপ্রতি ২৩ হাজার টাকা দরে মোট ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়।
 
স্থানীয় মাছ ব্যবসায়ী রহিম উল্লাহ জানান, মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে সংরক্ষণ করা হয়েছে। পরে সেগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে বিক্রি করা হবে। কোরাল বা ভেটকি মাছ খুবই সুস্বাদু হওয়ায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে। বঙ্গোপসাগরের গভীর জলের এই মাছ সব সময় বাজারে পাওয়া যায় না, তাই এর দাম তুলনামূলক বেশি।

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, সেন্টমার্টিন চ্যানেলে এক জালেই ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। লাল কোরাল মূলত গভীর সমুদ্রের মাছ এবং এই চ্যানেলে তুলনামূলক বেশি ধরা পড়ে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছের আকাল থাকলেও বুধবার থেকে ভালো মাছ পাওয়া যাচ্ছে। অন্য জেলেরাও লাল কোরাল ধরতে সেন্টমার্টিন চ্যানেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে টেকনাফ উপজেলার নবাগত জ্যেষ্ঠ সিনিয়র মৎস্য কর্মকর্তা উমূল ফারা বেগম তাজকিরা জানান, কোরাল খুবই জনপ্রিয় ও সুস্বাদু। এটি বঙ্গোপসাগরের গভীর জলের মাছ এবং সাধারণত এক থেকে নয় কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে। এই মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যায়। এছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এই মাছের উপস্থিতি রয়েছে।

তিনি আরও জানান, প্রজনন মৌসুমসহ সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে মানায় বর্তমানে সাগরে বড় আকারের কোরাল মিলছে।