নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ, রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Emphasis on the use of renewable energy
ছোটন সরদার ১০ জানুয়ারি ২০২৬ ০৩:১১ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১০ জানুয়ারি ২০২৬ ০৩:১১ অপরাহ্ন
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ, রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ, রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভার আয়োজন করে পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন পরিবর্তন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়। তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানি শুধু পরিবেশবান্ধবই নয়, এটি নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ঘরে ঘরে পরিষ্কার জ্বালানি নিশ্চিত করা গেলে নারীদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং সময় সাশ্রয় হবে।

পরিবর্তনের পরিচালক রাশেদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়, বক্তব্য রাখেন সোনালি সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু। তিনি বলেন, রাষ্ট্রীয় নীতি ও পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। শুধু প্রকল্প গ্রহণ নয়, এর টেকসই বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

সভায় আরও বক্তব্য দেন এনজিও এক্টিভিস্ট এভারিস্ট হেমরম। তিনি বলেন, আদিবাসী ও গ্রামীণ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই পরিবেশের সঙ্গে সহাবস্থানে জীবনযাপন করে আসছে। নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে তাদের অভিজ্ঞতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরতা যেমন পরিবেশের ক্ষতি করছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় সংকট তৈরি করছে। এই বাস্তবতায় সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।

আলোচনায় বক্তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ, সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয় এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নীতি নির্ধারক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।