বকেয়া বেতন পরিশোধ না হলে ট্রেন বন্ধের হুশিয়ারী লোকো রানিং স্টাফদের

আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১২ জানুয়ারি ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১২ জানুয়ারি ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
বকেয়া বেতন পরিশোধ না হলে ট্রেন বন্ধের হুশিয়ারী লোকো রানিং স্টাফদের
বকেয়া বেতন পরিশোধ না হলে ট্রেন বন্ধের হুশিয়ারী লোকো রানিং স্টাফদের

রাজশাহীতে ডিসেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮৭৮)।

 সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আজ ১২ জানুয়ারির মধ্যে বেতন পরিশোধ না হলে রাজশাহীর বাইরে কোনো ট্রেন চলাচল করতে দেওয়া হবে না।

​সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা যথাসময়ে ডিসেম্বর মাসের বেতন পেলেও রাজশাহীর রানিং স্টাফরা এখনো তা পাননি। নির্ধারিত সময়ে বেতন না পাওয়ার আশঙ্কায় সংগঠনটি গত ১ জানুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিল। তবে এখন পর্যন্ত বেতন পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি না হওয়ায় লোকো রানিং স্টাফদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মো. আমিনুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,মো. আসাদুজ্জামান- সভাপতি, রাজশাহী শাখা',শামীম আকতার- সাধারণ সম্পাদক, রাজশাহী শাখা।

​ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, “আমরা বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও বেতন নিয়ে কোনো সদুত্তর পাচ্ছি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজই যদি ডিসেম্বর মাসের নিয়মিত বেতন পরিশোধ করা না হয়, তবে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।”

​সমাবেশ শেষে ইউনিয়নের একটি প্রতিনিধিদল পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি মৌখিকভাবে অবগত করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখছে সংগঠনটি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।