রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

The body was recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:৫২ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি

কক্সবাজারের টেকনাফে নয়া পাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

বুধবার ১৪ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার।

নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, রহিম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, সকালে ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে এপিবিএন পুলিশের পরিদর্শক বলেন, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্প এলাকায় একাধিক গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় নয়াপাড়া ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে সুশান্ত সরকার জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।