সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ১৭ বাংলাদেশি আটক

17 Bangladeshis detained
অনলাইন ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৪ জানুয়ারি ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ১৭ বাংলাদেশি আটক
সংগৃহীত ছবি

ভারত থেকে কারাভোগ শেষে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে তাদের আটক করে বিজিবি।

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। যাদের সবার বাড়ি খুলনা ও যশোরে।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্র জানায়, বুধবার ভোরে ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন স্থান দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ১৭ জন নারী-পুরুষ ও শিশু। পরে বিজিবির টহল দল সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকায় অনুপ্রবেশের অভিযোগে অভিযান চালিয়ে ওই ১৭ জনকে আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে। 

এ ব্যাপারে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা এবং গত ৫ থেকে ৬ বছর ধরে ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন।

সেখানে পুলিশের হাতে আটক হয়ে তারা প্রায় তিন বছর আগ্রায় কারাভোগ করেন। কারাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের ১২ ব্যাটালিয়নের অধীনস্থ টিলাশন ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯-আর এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করায়।

তিনি আরও  বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, মাদক, গরু পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।