বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, রাজি না হলে বিকল্প স্কটল্যান্ড

ICC
অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২১ জানুয়ারি ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন
বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় দিল আইসিসি, রাজি না হলে বিকল্প স্কটল্যান্ড
সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে বড় এক অনিশ্চয়তা। চলমান অচলাবস্থা নিরসনে বিসিবিকে মাত্র একদিন বা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত এই সময়ের মধ্যে বাংলাদেশ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে না পারলে বা আইসিসির শর্তে রাজি না হলে, আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

জানা গেছে, আজ আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

সেখানে সিদ্ধান্ত হয়েছে যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে, তবে তাদের পরিবর্তে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। তবে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিসিবিকে শেষবারের মতো এক দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

সাম্প্রতিক আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিসিবি ভারতে দল না পাঠানোর ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হলে সংস্থাটি তাদের অনড় অবস্থানের কথা জানায়।

আইসিসি স্পষ্ট করেছে যে, কোনো একটি দেশের কারণে বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টের সূচি বা প্রস্তুতিতে তারা বিঘ্ন ঘটাতে দেবে না।

বিসিবি সূত্রে জানা গেছে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট বোর্ডের হাতে সীমাবদ্ধ নেই। ভারতের মাটিতে দল পাঠানোর স্পর্শকাতর এই বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উচ্চপর্যায়ের সাথে জরুরি আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কেবল আইসিসিকে ইতিবাচক সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি নেতিবাচক উত্তর দেয় বা কোনো সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়, তবে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেবে স্কটল্যান্ড।

২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক ভারত। এমন একটি হাই-ভোল্টেজ টুর্নামেন্টে বাংলাদেশের মতো দলের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মাঝে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয়, সময়সীমা পার হওয়ার আগে লাল-সবুজের প্রতিনিধিদের ভাগ্য কোন দিকে মোড় নেয়।