বিএনপি থেকে বহিষ্কার হলেন স্বতন্ত্র প্রার্থী জনি
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপির এক স্বতন্ত্র প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কারের আদেশ জারি করা হয়। বহিষ্কারপত্রে তাঁকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃত প্রার্থীর নাম পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে।
বহিষ্কারের চিঠিতে সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকলেও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে সদ্য বহিষ্কৃত পারভেজ আরেফিন সিদ্দিকী জনি মুঠোফোনে বলেন, “এ বিষয়ে আমি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না বা দেখিনি। লোকমুখে শুনেছি। বহিষ্কার একটি চলমান প্রক্রিয়া। আইন অনুযায়ী তারা অবশ্যই বহিষ্কার করবে, যেহেতু আমি ধানের শীষের বিপক্ষে নির্বাচন করছি। তবে নির্বাচনে প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এটাই গণতান্ত্রিক অধিকার।”
ভোটে এর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণই সিদ্ধান্ত নিয়েছে। জনগণের চাপে এবং সমর্থনেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।”