রাজশাহীতে পাঁচ ‘অদম্য নারী’কে বিভাগীয় সম্মাননা

Five 'indomitable women' receive departmental honors
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
ছোটন সরদার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে পাঁচ ‘অদম্য নারী’কে বিভাগীয় সম্মাননা
রাজশাহীতে পাঁচ ‘অদম্য নারী’কে বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজশাহীতে পাঁচ ‘অদম্য নারী’কে বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজের নানা প্রতিকূলতা, বৈষম্য ও ব্যক্তিগত সংগ্রাম পেরিয়ে নিজেদের যোগ্যতা ও সাহসিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাঁরা। সেই স্বীকৃতি দিতেই রাজশাহী বিভাগে প্রথমবারের মতো চালু হয়েছে ‘অদম্য নারী’ পুরস্কার কার্যক্রম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪০ জন নারীকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জনের তালিকা থেকে পাঁচজনকে বিভাগীয় সেরা ‘অদম্য নারী’ ঘোষণা করা হয়।

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়া নারীরা হলেন—

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য: শেরপুর উপজেলার রিজু তামান্না

সমাজ উন্নয়নে অসামান্য অবদান: শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন: পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন

সফল জননী: মোহনপুর উপজেলার রাশেদা বেগম

নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানো নারী: চারঘাট উপজেলার রাজিয়া খাতুন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “নারীরা আজ শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি। প্রতিকূলতা পেরিয়ে যারা এগিয়ে চলেছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া মানে পুরো সমাজকে এগিয়ে নেওয়া।” তিনি জানান, অংশগ্রহণকারী ৪০ জন নারীর জীবনের সংগ্রামের গল্প নিয়ে ডকুমেন্টারি ও প্রচার কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।

‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য’ ক্যাটাগরির বিজয়ী রিজু তামান্না বলেন, সুযোগ পেলে নারীরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। সমাজ উন্নয়নে অবদানের জন্য সম্মাননা পাওয়া সুমাইয়া ইসলাম বলেন, “নারীরা ধ্বংসের দ্বারপ্রান্ত থেকেও ঘুরে দাঁড়াতে পারে। সমাজের জন্য কিছু করে যেতে চাই—এই বিশ্বাস থেকেই কাজ করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

বক্তারা বলেন, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জনের সম্মান নয়; বরং নারীর ক্ষমতায়ন, আত্মমর্যাদা ও নেতৃত্ব বিকাশের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘অদম্য নারী’ উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং নারীর অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা।