রাজশাহীতে তেল সংকট নিয়ে পেট্রোল পাম্প মালিকদের আলোচনা সভা, ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

Oil extraction halt warned from March 16
ছোটন সরদার ১৪ মার্চ ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১৪ মার্চ ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন
রাজশাহীতে তেল সংকট নিয়ে পেট্রোল পাম্প মালিকদের আলোচনা সভা, ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি
রাজশাহী মহানগরী ও জেলায় চলমান জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

রাজশাহী মহানগরী ও জেলায় চলমান জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী জেলা শাখা। সভা থেকে বলা হয়েছে, নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী ১৬ মার্চ থেকে রাজশাহী জেলার সব ফিলিং স্টেশন ও ডিপো থেকে নিরাপত্তার স্বার্থে তেল উত্তোলন বন্ধ রাখা হবে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানাধীন পদ্মা গার্ডেনের কফিবার রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন পাম্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আব্দুল আওয়াল খান জোতি, সভাপতি মো. মনিমুল হক, সদস্য মো. আনিসুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর হলেও অন্যান্য শহরের তুলনায় এখানে জ্বালানি তেলের চাহিদা বেশি। কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল উত্তোলন করা যাচ্ছে না। এতে পাম্প মালিকরা নানা সমস্যার মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কিছু পাম্প মবের ঝুঁকির মধ্যেও পড়ছে।

এ পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত করা, তেল পাম্পগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা এবং কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ করা।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, তেল মজুত ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। আর ডিজেল মজুত থাকলে দিন-রাত যেকোনো সময় বিক্রি করা যাবে।

এ সময় সংগঠনের নেতারা জানান, আগামীকাল রোববার রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।