সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার পুলিশ সদস্যের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

Policeman's press conference and protest
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৮ নভেম্বর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ১৮ নভেম্বর ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার পুলিশ সদস্যের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো ভিত্তিহীন অপপ্রচার, মানহানি এবং হয়রানিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদস্য মেহেদী হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ছড়ানো ভিত্তিহীন অপপ্রচার, মানহানি এবং হয়রানিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদস্য মেহেদী হাসান।

 বুধবার (১৮ নভেম্বর) রাজশাহী নগরীর অলকার মোড়স্থ চেম্বার অব জার্নালিস্ট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।  

​লিখিত বক্তব্যে পুলিশ সদস্য মেহেদী হাসান বলেন, তাকে হেনস্তা করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার দাবি, একটি বিশেষ পাওনা টাকার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।  

​ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, তার পূর্বপরিচিত রঞ্জু আলীর নিকট তার মোট ৭ হাজার টাকা পাওনা ছিল। এর মধ্যে ১ হাজার ৬০০ টাকা পরিশোধ করা হলেও বাকি ৫ হাজার ৪০০ টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময় তাগিদ দেওয়া হলে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি ও কথা-কাটাকাটির সৃষ্টি হয়। 

ঘটনার দিন সন্ধ্যার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর দোকান থেকে ঠান্ডা পানীয় ও বিস্কুট নিয়ে আসার কথা বলে ওই ব্যক্তি কৌশলে সটকে পড়েন। এর কিছুক্ষণ পর হঠাৎ ৮ থেকে ১০ জন লোক ওই কক্ষে প্রবেশ করে তাকে নানা প্রশ্ন করতে থাকে এবং বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই তাকে মাদকাসক্ত হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালায়।  

​মেহেদী হাসান আরও উল্লেখ করেন, পরবর্তী সময়ে তাকে থানায় নিয়ে ডোপ টেস্ট করানো হলে পরীক্ষার ফলাফলে তার শরীরে মাদকের কোনো উপস্থিতি পাওয়া যায়নি, যা তার নির্দোষ হওয়ার বিষয়টিকে স্পষ্ট করে। অথচ একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 ​সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাওনা টাকা পরিশোধ না করার অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এই পরিস্থিতিতে ফেলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানের ওপর মারাত্মক আঘাত। তিনি এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  

​তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বন্ধ করা হোক। তিনি কারও বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে চান না, বরং সঠিক আইনগত উপায়ে নিজের হারানো সম্মান ও ন্যায়বিচার ফিরে পেতে চান।  

​সংবাদ সম্মেলন শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার উভয় দিক যাচাই করে প্রকৃত সত্য তুলে ধরার এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আকুল আবেদন জানান।