চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদ উপহার হিসেবে নতুন জামা ও খাদ্যসামগ্রী পেল ৬১ টি পরিবার। এর মধ্যে ২৩ জন শিশুকে নতুন জামা ও ৩৩ জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের সাধারণ পাঠাগার চত্ত¡রে এসব উপহার দেয়া হয়। এছাড়া তিনজন নারীকে শাড়ি ও দুজন পুরুষকে লুঙ্গিও উপহার দেয়া হয়।
উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, মনোয়ারা খাতুন, জহিরুল ইসলাম, সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সাবরিনা আখতার, অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক সাঈদ মাহমুদ, দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ উৎস, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, ম্যাগাজিন সম্পাদক ওজিফা খাতুন, বইমেলা সম্পাদক নাহিদুল হক, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, বন্ধু মোহা: শাহজাহান প্রমূখ।
মাসরুফা খাতুন বলেন, প্রতিবছরই চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করা হয়ে থাকে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুসভার বন্ধুরা নিজেদের ঈদ খরচের টাকা বাঁচিয়ে দরিদ্র পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী ও শিশুদের জন্য নতুন পোশাক কিনে বিতরণ করে থাকি। এ বছর ২৩ জন শিশুকে পোশাক, তিনজন নারীকে শাড়ি, দুজন পুরুষকে লুঙ্গি ও ৩৩টি পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তেল, চিনি, লাচ্চা সেমাই, খিল সেমাই, নুডুলস, বুন্দিয়া, গুঁড়া দুধ, পাপড় ও গরম মশলা। এমন ভালো কাজে অংশ নিয়ে বন্ধুরা খুশি।
শাড়ি পেয়ে প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে আসা নারী বিলকিস বেগম বলেন, হামার স্বামী মারা গেছে বেশ কয়েক বছর আগেই। চার ব্যাটার (ছেলে) মধ্যে দুটা বিহ্যা কর্যা আলাদা থাকে। ছোট দুটা ব্যাটাকে মানুষের কাছ থাইক্যা চাহা লতুন জামা কিন্যা দিয়্যাছি। আইজ এখানে আইস্যা শাড়ি ও খাবার পাইনু। খুব ভালো লাগছে।
১১ বছর বয়সী শিশু ইসরাত খাতুন বলে, বাবা দিনমজুরের কাজ করে। আমরা চার বোন। আমিই সবার বড়। ঈদে বাবা সবার জন্য জামা কিনে দিতে পারেনি। নতুন জামা পেয়ে আনন্দ লাগছে।