৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, রাসিকে রিটন
দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ শনিবার (১৪ মার্চ)এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।
এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে।
মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচটি সিটিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা হলেন:-
১. বরিশাল সিটি করপোরেশন: বিলকিস আক্তার জাহান শিরীন।
২. রাজশাহী সিটি করপোরেশন: মো. মাহফুজুর রহমান।
৩. ময়মনসিংহ সিটি করপোরেশন: মো. রুকুনোজ্জামান রোকন।
৪. রংপুর সিটি করপোরেশন: মাহফুজ উন নবী চৌধুরী।
৫. কুমিল্লা সিটি করপোরেশন: মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের ২৫ক উপধারা (৩) অনুযায়ী, নিযুক্ত প্রশাসকেরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধিমোতাবেক নির্ধারিত সম্মানী ও ভাতা প্রাপ্য হবেন।
মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সিটি করপোরেশনগুলো হলো— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; ঢাকা উত্তর সিটি করপোরেশন; খুলনা সিটি করপোরেশন; সিলেট সিটি করপোরেশন; নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশন।
রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রশাসক নিয়োগ পাওয়া মাহফুজুর রহমান রিটন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
রাসিকের প্রশাসক রিটনকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
রিটন রাসিকের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখি, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরশেনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরী সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে রিটনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই প্রত্যাশা রাখছি। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।