রাজশাহীতে সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা, সমাধান ও পৃথক মন্ত্রণালয় বিষয়ক মতবিনিময় সভা
সমতলের আদিবাসী জনগোষ্ঠীর ভূমি সমস্যা সমাধান এবং তাদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল হলরুমে এ সভার আয়োজন করে আদিবাসী স্পোর্টিং এসোসিয়েশন।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেঞ্জামিন টুডু, বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ টুডু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গনেশ মার্ডি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, মুক্তি মোর্চার সভাপতি জগেন্দ্রনাথ সরেন এবং দিঘরী রাজা পরিষদের রাজা নিরেন চন্দ্র খালকো প্রমুখ।বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভূমি বঞ্চনার শিকার হয়ে আসছেন। অনেক ক্ষেত্রে তাদের পূর্বপুরুষের ভোগদখলে থাকা জমিও নানা কৌশলে দখল হয়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সমতলের আদিবাসীদের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে পৃথক মন্ত্রণালয় গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার রক্ষা, সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।