রাজশাহীর বড়কুটিতে ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

Clash between two BNP groups
ছোটন সরদার ২৪ মার্চ ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৪ মার্চ ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
রাজশাহীর বড়কুটিতে ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
রাজশাহী মহানগরীর বড়কুটি এলাকায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

রাজশাহী মহানগরীর বড়কুটি এলাকায় ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া থানাধীন বড়কুঠি আইন কলেজ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিগেনকে ওই এলাকা থেকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত বলে জানায় পুলিশ।

এদিকে, রিগেনকে আটকের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষের নেতৃত্ব দেন ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান শান্ত এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিএনপি কর্মী জনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রিগেনকে আটক করার বিষয়ে মনিরুজ্জামান শান্ত তার পক্ষে অবস্থান নিলে জনির সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও কিল-ঘুষিতে রূপ নেয়।

হাতাহাতির সময় জনি গ্রুপের কয়েকজন স্থানীয় নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও পাওয়া গেছে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে জনি গ্রুপের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। এর পরপরই শান্ত গ্রুপের লোকজন বড়কুঠি আইন কলেজ মাঠে জনির চায়ের দোকানের বাঁশ ও মাচায় আগুন দেয় বলে অভিযোগ ওঠে।

বোয়ালিয়া থানার একটি সূত্র জানায়, আটক রিগেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এলাকায় এখনো দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।