ভারতীয় শিশু ‘অপহরণ’ অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি পুলিশ হেফাজতে

Child 'kidnapping'
ছোটন সরদার ০১ এপ্রিল ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০১ এপ্রিল ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
ভারতীয় শিশু ‘অপহরণ’ অভিযোগে রাজশাহীতে এক ব্যক্তি পুলিশ হেফাজতে

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন এলাকায় ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার শেখেরচক মাদ্রাসা মাঠ এলাকার বাসিন্দা নুরুল ইসলাম (৪২)–কে তার বাড়ি থেকে ১২ বছর বয়সী ভারতীয় শিশু মো. রাহিম শেখসহ হেফাজতে নেওয়া হয়। রাহিমের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার গোপালপুর এলাকায়।

ঘটনা সূত্রে জানা গেছে, তিন দিন আগে নগরীর তালাইমারী এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলে নুরুল ইসলাম শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর সংগ্রহ করেন তিনি। এ সময় শিশুটির বাবা শফিকুল ইসলাম বাংলাদেশে অবস্থানরত আত্মীয় মো. মারুফকে (পবা উপজেলার হরিপুর এলাকার বাসিন্দা) শিশুটিকে আনতে পাঠান।

অভিযোগ রয়েছে, মারুফ শিশুটিকে নিতে গেলে নুরুল ইসলামের পক্ষ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি মারুফ বোয়ালিয়া থানায় জানালে পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও শিশুটিকে থানায় নিয়ে আসে।

তবে অভিযুক্ত নুরুল ইসলামের পরিবারের দাবি, তারা মুক্তিপণ দাবি করেননি। তাদের ভাষ্য, শিশুটিকে নিতে আসা ব্যক্তিদের তারা চিনতেন না। তাই সরাসরি তাদের কাছে না দিয়ে শিশুটির বাবার কাছে হস্তান্তর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বোয়ালিয়া মডেল থানার একটি সূত্র জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। শিশুটির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।