গৃহবধূকে রাতভর ঘরের বাইরে রাখার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
গৃহবধূকে রাতভর ঘরের বাইরে রাখার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার; ক্রিকেট ব্যাটের আঘাতে মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মেয়ের শ্বশুরবাড়ির সদস্যদের মারধরে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা-গুদাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর উপরপাড়া গ্রামের ওমিনি চন্দ্রের ছেলে। আটককৃতরা বালুভরা ইউনিয়নের গোধইল গ্রামের তশুরামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ বছর আগে গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর বিয়ে একই উপজেলার গোধইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে দেন। বিয়ের পর থেকে রাখি শ্বশুরবাড়িতে বসবাস করলেও তার স্বামী ঢাকায় কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে শ্বশুর তশুরাম, ভাশুর উৎপল, ননদ পুষ্পা রানী ও মনা রানীসহ পরিবারের সদস্যরা নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি।

বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌর চন্দ্র তার ছেলে পলাশ (২৮)সহ কয়েকজন আত্মীয়কে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্র, তার ছেলে, মেয়ে ও স্ত্রীকে মারধর করে।

একপর্যায়ে গৌর চন্দ্র পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল তার হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তার ছেলে পলাশও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, পারিবারিক বিরোধ মেটাতে গৌর চন্দ্র জামাইয়ের বাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।