আমন্ত্রণ! ১ম রাজশাহী লিটারারী ফেস্টিভ্যালে অংশগ্রহণ প্রসঙ্গে।

নিজেস্ব প্রতিবেদক: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
আমন্ত্রণ! ১ম রাজশাহী লিটারারী ফেস্টিভ্যালে অংশগ্রহণ প্রসঙ্গে।

সম্মানিত সুধী, রাজশাহী রাইটার্স কালেকটিভ এর পক্ষে শুভেচ্ছা নিবেন!

আগামী ৩ ও ৪ এপ্রিল, শুক্র ও শনিবার সাহিত্য, শিল্প ও মানবিক প্রতিরোধের বার্তা নিয়ে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী “১ম রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬”। নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে (পদ্মাগার্ডেন সংলগ্ন) দুইদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।

“যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মানবিক কল্পনা” এই প্রতিপাদ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সম্পাদক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশন করবেন সন্নিধি সংগীত নিকেতন, সংহতি বক্তব্য রাখবেন লেখক ও গবেষক পাভেল পার্থ, কবি মোস্তাক রহমান, আইনজীবী মুরাদ মোর্শেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী শুসমীন আফসানা। এরপর অনুষ্ঠিত হবে কবিতা পাঠ, লিট্ল ম্যাগ পাঠ ও অভিজ্ঞতা বিনিময়, প্রতিষ্ঠানাবিরোধী সাহিত্যচর্চা ও আলোচনা, নির্বাচিত বইয়ের পরিচিতি ও আলোচনা। আলোচনা ও গান পরিবেশন করবেন কবি ও সঙ্গীতশিল্পী কফিল আহমেদ।

১ম দিন যুদ্ধ ও আগ্রাসনবিরোধী সাহিত্য, প্রতিরোধ সাহিত্য ও বয়ান ১ম পর্বের আলোচনায় অংশ নেবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আ-আল মামুন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীদ তনয়, কবি হাসিন এহসাস লগ্ন। চলচ্চিত্র ও দৃশ্যমাধ্যম: চিত্রে প্রতিরোধ ও ফ্রেমে মানবতা শীর্ষক আলোচনায় অংশ নেবেন ম্যাজিক লন্ঠন এর সম্পাদক কাজী মামুন হায়দার রানা, সহযোগী সম্পাদক সোহাগ আব্দুল্লাহ, শিল্পী মাঈশা মারিয়াম, চলচ্চিত্র নির্মাতা লিখন দত্ত ও রাহী আব্দুল্লাহ। আলোচনা শেষে ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম প্রদর্শিত হবে।

এছাড়াও গান করবে জনপ্রিয় ব্যান্ডদল সর্বজনের সংস্কৃতি।

সমাপনী দিনে সংহতি বক্তব্য রাখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসরাম কনক, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী। যুদ্ধ ও আগ্রাসনবিরোধী কতিাপাঠে অংশগ্রহণ করবে রাজশাহীর স্থানীয় এবং দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখকগণ। বিদ্রোহী কবিতাপাঠ করবেন র্শিপী ও নাট্যকর্মী আহমাদ আজিজ আহসান। রাজশাহীর হেরিটেজ: ঐতিহ্যে প্রতিরোধ, স্মৃতিতে মানবতা শীর্ষক আলোচনায় অংশ নেবেন লেখক ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী, আনারুল হক আনা, রুয়েটের শিক্ষক সামিউল সাব্বির অয়ন।

যুদ্ধ ও আগ্রাসনবিরোধী সাহিত্য, প্রতিরোধ সাহিত্য ও বয়ান শেষ পর্বের আলোচনায় অংশ নেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী, কবি ও কথা সাহিত্যিক জুয়েল কিবরিয়া ও আনিফ রুবেদ। যন্ত্রসঙ্গীতে অংশ নেবে মাঈশা মারিয়াম ও ঔড়ব আজাদ।

সমাপনী পর্বের বিশেষ আয়োজন গীতিনাট্য ও গণনাটক। গীতিনাট্য পরিবেশন করবেন ল্যাডলী মোহন মৈত্র ও আলো রানী মৈত্র। মানবতার আদালত: সাম্রাজ্যবাদের অপরাধসমূহের বিচার শীর্ষক গণনাটক পরিবেশিত হবে।

এছাড়া উৎসবে থাকবে যুদ্ধবিরোধী চিত্রাঙ্কন ও পোস্টার প্রদর্শনী, গান। উৎসব প্রাঙ্গণে লিটল ম্যাগাজিন ও বই প্রদর্শনীও আয়োজন করা হয়েছে।

আয়োজকরা মনে করেন “বর্তমান বিশ্ব বাস্তবতায় নীরবতা একটি অপরাধ। এই উৎসবের মাধ্যমে আমরা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে প্রতিরোধের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তরুণ প্রজন্মকে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”

উক্ত আয়োজনে আপনাদের অংশগ্রহণ একান্তভাবে কাম্য।