পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগে রাজশাহীতে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। এ সময় তিনি পুলিশ সুপার ও সুশীল সমাজের হস্তক্ষেপ কামনা করেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরের শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে মোসা. মিনারা বেগম অভিযোগ করেন, গত ২৭ মার্চ তিনি বাঘা উপজেলার মহাদিপুর গ্রামে তাঁর ছোট বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন বিকেলে বাড়ির পাশ দিয়ে হাঁটার সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।
অভিযুক্তদের মধ্যে শরিফুল ইসলাম (৪০), রোজিনা খাতুন (৩৫), সাদিকুল (৩০), কালু (৫০), খোকন মাস্টার (৪৫), লালটু (৪৫), বাচ্চু (৪০) ও বাবলুসহ আরও ৬–৭ জনের নাম উল্লেখ করেন তিনি।
মিনারা বেগম বলেন, হামলার সময় তাঁদের সঙ্গে থাকা দুটি মুঠোফোন, গলার চেন এবং ভ্যানিটি ব্যাগে থাকা প্রায় ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ভুক্তভোগীরাও একই ধরনের অভিযোগ তুলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।