নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১
Policeman beaten up while collecting fuel at Niamatpur filling station, 1 arrested
নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও, ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার বাদ মালঞ্চী এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন(৩৫)। বাবার নাম সাইদুর হোসেন। বাড়ি উপজেলার গাবতলী এলাকায়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে আজ পেট্রোল ও অকটেন বিতরণে পুলিশের একটি দল সহযোগিতা করছিল। দেলোয়ার হোসেন মূল রাস্তায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে রাগান্বিত হয়ে গাড়ি সরাবেন না বলে অনড় থাকেন।
দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। পরে তেল নিতে আসা অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে।
এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। যানজট নিরসনের জন্য বলতে গিয়ে তিনি আমার উপর চড়াও হোন। প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।