অভিনেতা তারিকুজ্জামান তপনের দাফন সম্পন্ন হয়েছে
২৪ এপ্রিল রাতে রাজধানীর আফতাবনগরে জানাজা শেষে তারিকুজ্জামান তপনের মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়।
টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি দাফন সম্পন্ন হয়েছে অভিনেতা তারিকুজ্জামান তপনের। এমনটা জানিয়েছেন অভিনেতার ভাতিজা মান্নান শফিক।
গতকাল (২৪ এপ্রিল) রাতে আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে এই অভিনেতার মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়েছে। রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর তারিকুজ্জামানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
এর আগে তারিকুজ্জামানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল পরিবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তিও করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার এই অভিনেতার ছেলে তাছফিক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যার যার পর্যায় থেকে যতটুকু পারেন, সহযোগিতা করবেন।’
একসময় ছোটপর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি।
তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’। এই অভিনেতা দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।