সকালটা সুন্দর হোক, সারাদিন মুখে হাসি থাকুক
জয়া আহসান, যার সৌন্দর্য ও ব্যক্তিত্ব বরাবরই মুগ্ধ করে ভক্তদের। বয়স যে কেবলই একটি সংখ্যা, তা যেন বারবার প্রমাণ করেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
পশ্চিমা পোশাক হোক কিংবা ঐতিহ্যবাহী শাড়ি- সব ধরনের সাজেই নিজের স্বকীয়তা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ রাখেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান।
ছবিতে তাকে দেখা গেছে খয়েরি রঙের শাড়িতে। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, কানে ঝোলানো দুল আর খোলা চুলে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও আভিজাত্য।
বারান্দার রেলিংয়ে হাত রেখে মিষ্টি হাসিতে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। তার এই হাসিমাখা উপস্থিতি যেন সকালের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
ছবিটির ক্যাপশনে জয়া লেখেন, ‘সকালটা সুন্দর হোক, মনটা ভালো থাকুক আর সারাদিন মুখে হাসি থাকুক; শুভ সকাল।’
অভিনেত্রীর এমন শুভেচ্ছাবার্তা ও মায়াবী হাসির ছবি ভক্তদের কাছে নতুন করে ভালো লাগার উপলক্ষ হয়ে উঠেছে। বরাবরের মতোই তার সৌন্দর্য, সাবলীল অভিব্যক্তি ও নিজস্ব স্টাইল নজর কেড়েছে।
এর আগে লাল বেনারসিতে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেন জয়া আহসান। ছবিগুলোতে দেখা যায়, পূজার প্যান্ডেলজুড়ে চলছে সাজসজ্জার ব্যস্ততা। বাঁশের কাঠামো, কাঠের গুঁড়ো আর কারিগরদের কাজের মাঝেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। টকটকে লাল বেনারসি, সোনালি জরির নকশা ও আধুনিক ড্রেপিংয়ে তার সাজে ফুটে ওঠে উৎসবের আভিজাত্য ও নতুনত্ব।
সেই ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছিলেন, ‘দেবী সত্তা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি... আমার ভেতরের আলোয়..আমার ভেতরের দুর্গা…।’
এদিকে কাজের ক্ষেত্রে জয়া আহসানকে সবশেষ দেখা গেছে ভারতীয় বাংলা সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’তে। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র পরবর্তী অধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে।
অন্যদিকে, শিগগিরই রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারকের আসনে দেখা যাবে জয়া আহসানকে। এর আগে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করলেও রান্নাবিষয়ক অনুষ্ঠানে এবারই প্রথম বিচারক হিসেবে দেখা যাবে তাকে।