খেলার মাঠে বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারি, শিশুর মৃত্যু

Death of a child
অনলাইন ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬ ০৬:১০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
খেলার মাঠে বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারি, শিশুর মৃত্যু
--সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠের মধ্যে একটি বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হযরত আলী (১৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া নামক এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তালতলীর বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া মাদ্রাসা মাঠে সমবয়সী স্থানীয় কিছু ছেলেরা ফুটবল খেলছিল। এ সময় খেলার মাঠে একটি গরুর বাছুর প্রবেশ করলে মুছা নামে একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় ভুক্তভোগী হযরত আলীর। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই অভিযুক্ত মুছার বড় ভাই হযরত আলীর সঙ্গে বিষয়টির মিমাংসা করে দেন।

পরবর্তীতে রোববার সকালে হযরত আলী বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফুটবল খেলার মাঠে গরুর বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারির ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় হযরত আলী নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় কোনো লিখত অভিযোগ জানায়নি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।