গয়না ছিনতাইয়ে ইটের আঘাতে নারীকে হত্যা, মরদেহ ফেলে দেয় পুকুরে

Throw the body into the pond
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন
গয়না ছিনতাইয়ে ইটের আঘাতে নারীকে হত্যা, মরদেহ ফেলে দেয় পুকুরে
--সংগৃহীত ছবি

সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণের গয়না ছিনিয়ে নিতে এক নারী দোকানিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। পরে গভীর রাতে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) একই ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদি দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করে সংসার চালাতেন। রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণের গয়না ছিনিয়ে নিতে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহত নারীর হাতে স্বর্ণের রুলি, গলায় একটি স্বর্ণের চেইন এবং দুই কানে স্বর্ণের দুল ছিল। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বজনরা এজাহার প্রস্তুত করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।