গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে মুরসালিন (১৯) নামে এক যুবককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মুরসালিন গোদাগাড়ী পৌর এলাকার বুজরুকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে সোমবার গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযান চলাকালে ঘটনাস্থলে মাদক সেবনের সত্যতা পাওয়া যায় এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, "মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।"সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।