টাঙ্গাইলে সাত বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে মেলার স্টল

Fair stalls tied with ropes to sculptures of seven heroes in Tangail
টাঙ্গাইল প্রতিনিধি:- ০৪ মে ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন সারা বাংলা
টাঙ্গাইল প্রতিনিধি:- ০৪ মে ২০২৬ ০৮:০৯ অপরাহ্ন
টাঙ্গাইলে সাত বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে মেলার স্টল
__সংগৃহীত ছবি

টাঙ্গাইল পৌর উদ্যানের সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের প্রতি চরম অবমাননার অভিযোগ উঠেছে। উদ্যানটিতে আয়োজিত বিসিক (BSIC) মেলার স্টল নির্মাণের জন্য খোদ বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সাথে দড়ি বেঁধে ত্রিপল ও কাঠ টাঙানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল পৌর উদ্যানের মাঝখানে মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষার্থে যে ভাস্কর্যগুলো স্থাপন করা হয়েছে, সেগুলোকে অনেকটা খুঁটি হিসেবে ব্যবহার করছেন মেলার আয়োজকরা। স্টলের কাঠামো দাঁড় করাতে কোনো ধরনের স্পর্শকাতরতা ছাড়াই ভাস্কর্যগুলোর গলা ও শরীরের বিভিন্ন অংশে শক্ত করে দড়ি বাঁধা হয়েছে। এতে দেশের সর্বোচ্চ সম্মানপ্রাপ্ত এই বীরদের মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

নাগরিক সমাজের ক্ষোভ ঘটনাস্থলে আসা দর্শনার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছেন। তাঁদের মতে, যে বীরেরা নিজেদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাঁদের স্মৃতিস্তম্ভকে মেলার হকারদের স্টল তৈরির খুঁটি হিসেবে ব্যবহার করা কেবল উদাসীনতা নয়, বরং এটি রাষ্ট্রীয় অবমাননার শামিল। একজন স্থানীয় মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটি দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। বীরশ্রেষ্ঠদের প্রতি এমন অবমাননা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা কীভাবে ঘটে?"

কর্তৃপক্ষের উদাসীনতা পৌর উদ্যানটি পৌরসভার অধীনে এবং মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন ও বিসিক। মেলা কর্তৃপক্ষ কীভাবে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যকে এভাবে ব্যবহার করার ধৃষ্টতা দেখাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মেলার স্টল বরাদ্দের ক্ষেত্রে কেবল মুনাফার দিকে নজর দেওয়া হয়েছে, কিন্তু উদ্যানের পবিত্রতা ও জাতীয় বীরদের মর্যদার বিষয়টি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

বিষয়টি যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ অবিলম্বে এই স্টলগুলো সরিয়ে নেওয়ার এবং আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যগুলো দ্রুত দড়িমুক্ত করে জাতীয় বীরদের যথাযথ সম্মান ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলবাসী।

একটি স্বাধীন দেশে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে বাজার বসানো জাতির জন্য লজ্জাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত এর প্রতিকার না করে, তবে সাধারণ মানুষের এই ক্ষোভ আন্দোলনে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।